ব্যয় ৪৫ লাখ টাকা বাড়িয়ে দেওয়া হলো আগের ঠিকাদারকেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যে ঠিকাদারের কারণে সড়ক নির্মাণের কাজ বাতিল করা হয়েছিল, সেই ঠিকাদারকেই কৌশলে কাজটি আবার দেওয়া হয়েছে। শুধু তা-ই নয়, এটি নির্মাণে ব্যয় বাড়ানো হয়েছে ৪৫ লাখ টাকা। আর এ কাজ পেতে তাঁকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা সহায়তা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) রাঙ্গুনিয়া কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১০ সালের শুরুতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের খুরুশিয়া-দারিকোপ সড়ক নির্মাণকাজ পায় তালুকদার এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এ জন্য বরাদ্দ করা হয় এক কোটি ৪০ লাখ টাকা। দরপত্রের শর্তানুযায়ী ২ দশমিক ৮ কিলোমিটার সড়ক পিচ ঢালাই করার কথা ছিল। ২০১০ সালের ডিসেম্বরের মধ্যে কাজ শেষ হওয়ার কথা। এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক শওকত হোসেন ২০১০ সালের মাঝামাঝি সড়কটির নির্মাণকাজ শুরু করেন। তিন মাস কাজ করে পুরোনো ইট তুলে বালু দিয়ে সড়কটি ভরাট করেন তিনি। এরপর তিনি নির্মাণকাজ বন্ধ করে দেন। পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন জানান, অটোরিকশা ও ভটভটি চলাচল করায় সড়কটি দেবে গেছে। বৃষ্টির পানিতে সড়কের অনেক স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। দুই বছর এ অবস্থা বিরাজ করায় এলজিইডি গত ফেব্রুয়ারি মাসে পূর্বের কার্যাদেশ বাতিল করে নতুন করে দরপত্র আহ্বান করে।উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, নতুন দরপত্রে ৪৫ লাখ টাকা বাড়িয়ে নির্মাণব্যয় এক কোটি ৮৫ লাখ টাকা ধরা হয়েছে। এই কাজটিও করছেন আগের ঠিকাদার। উপজেলা প্রকৌশলী হাসান আলী বলেন, ‘কাজ বাস্তবায়নে ব্যর্থ হওয়ায় শওকত হোসেনের লাইসেন্স বাতিল করা হয়। এখন কাজ পেয়েছেন রাঙামাটি ট্রেডার্সের আবুল হাসেম। এতে শওকত হোসেন আছেন কি না, তা আমার জানা নেই।’শওকত হোসেন দাবি করেন, উপকরণের মূল্য বেড়ে যাওয়ায় সড়কের কাজ ওই সময় শেষ করা সম্ভব হয়নি। তিনি ওই সড়কের কাজ পাননি। রাঙামাটি ট্রেডার্সের মালিক আবুল হাসেম বলেন, তাঁর সহযোগী হিসেবে শওকত হোসেন সড়কটির নির্মাণকাজ করছেন।এলজিইডির চট্টগ্রাম জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী তফাজ্জল হোসেন বলেন, ‘পূর্বের প্রতিষ্ঠান কাজ পায়নি। তবে অন্যের লাইসেন্সে কাজ পেতেও পারে। তাতে আমার কী করার আছে।’