ব্যয়ের খাত নিয়ে মওদুদের আবেদন খারিজ, মামলা চলবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে করা মামলার কার্যক্রম স্থগিত চেয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের করা আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন উচ্চ আদালত। 

বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এ আদেশ দেন। সম্পদ বিবরণীতে ব্যয়ের খাত উল্লেখ করার বিধান নেই দাবি করে ওই মামলার কার্যক্রম স্থগিত চেয়ে মওদুদ আহমদ এ আবেদনটি করেন।

আবেদন সরাসরি খারিজ হওয়ায় চলমান ওই মামলার কার্যক্রম স্বাভাবিক নিয়মেই চলবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কৌঁসুলি খুরশীদ আলম খান। তবে খারিজ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে জানিয়েছেন মওদুদ আহমদের চেম্বারের আইনজীবী আবদুল্লাহ আল মাহমুদ।

আবেদনের পক্ষে আইনজীবী মওদুদ আহমদ নিজে শুনানি করেন, সঙ্গে ছিলেন আইনজীবী আবদুল্লাহ আল মাহমুদ। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান।

খুরশীদ আলম খান প্রথম আলোকে বলেন, সম্পদ বিবরণীতে ব্যয়ের খাত উল্লেখ করার বিধান নেই বলে অপরপক্ষ দাবি করেছে। তবে আইনে ব্যয়ের খাত উল্লেখের বিধান নেই তা বলা যাবে না। এটি সাক্ষ্য-প্রমাণের বিষয়, যা বিচারিক আদালতে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতেই নিষ্পত্তি হবে।

আবদুল্লাহ আল মাহমুদ প্রথম আলোকে বলেন, সম্পদ বিবরণীতে মওদুদ আহমদ ব্যক্তিগত, পেশাগত, পারিবারিক, রাজনৈতিক ও সামাজিক ব্যয় উল্লেখ করেননি বলে ওই মামলার অভিযোগে বলা হয়। অথচ সম্পদ বিবরণীতে এসব ব্যয় উল্লেখের বিধান নেই। তাই অভিযোগ গঠনের আগে ব্যয় খাত উল্লেখ নিয়ে বিতর্ক নিষ্পত্তি চেয়ে নিম্ন আদালতে আবেদন করা হয়, তা গত ৫ এপ্রিল খারিজ হয়। পরে ২১ জুন ওই মামলায় অভিযোগ গঠন করা হয়। এ অবস্থায় নিম্ন আদালতের খারিজ আদেশের বিরুদ্ধে গত মে মাসে ওই মামলার কার্যক্রম স্থগিত হাইকোর্টে রিভিশন আবেদনটি করা হয়।

মামলাসূত্রে জানা যায়, জ্ঞাত আয়বহির্ভূত ৭ কোটি ৩৮ লাখ ৪৮ হাজার ২৮৭ টাকার সম্পদ অর্জন এবং ৪ কোটি ৪০ লাখ ৩৭ হাজার ৩৭৫ টাকার তথ্য গোপনের অভিযোগে মওদুদ আহমদের বিরুদ্ধে ২০০৭ সালের ১৬ সেপ্টেম্বর গুলশান থানায় মামলা করে দুদক।