ব্যয়ের হিসাব সময়মতো না দেওয়ার মামলায় ৪ প্রার্থী জেলহাজতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের নির্বাচনী ব্যয়ের হিসাব নির্ধারিত সময়ে জমা না দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় চার প্রার্থীকে গতকাল সোমবার জেলহাজতে পাঠিয়েছেন আদালত।আদালত সূত্রে জানা গেছে, অভিযুক্ত চার প্রার্থী হলেন— আখাউড়া উপজেলা বিএনপির সহসভাপতি ও বিগত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী খন্দকার বিল্লাল হোসেন, কেন্দ্রীয় কৃষক লীগ সদস্য ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সেলিম ভূঁইয়া, আখাউড়া দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল পারভেজ এবং উপজেলা ছাত্রদলের সহসভাপতি ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. আকতার হোসেন। তাঁরা গতকাল ব্রাহ্মণবাড়িয়ার মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত জামিন নামঞ্জুর করে তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, নির্বাচনের রিটার্নিং অফিসার ও ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নূর মোহাম্মদ মজুমদার ২০০৯ সালের ৩১ আগস্ট মামলাটি করেন। মামলায় নির্ধারিত সময়ে নির্বাচনী ব্যয়ের রিটার্ন দাখিল করা হয়নি বলে অভিযোগ করা হয়।