বরিশালের ব্রজমোহন কলেজ ছাত্র সংসদ (বাকসু) নির্বাচনের দাবিতে গতকাল বৃহস্পতিবার কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন ছাত্রলীগ ও অন্যান্য ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় তাঁরা কলেজের অধ্যক্ষকে তাঁর কক্ষে অবরুদ্ধ করে রাখেন এবং ভাঙচুর করেন।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে কলেজের জিরো পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। ছাত্রলীগের কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক মঈন তুষার, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ওহিদুজ্জামান ওয়াহিদ ও জাসদ ছাত্রলীগের সভাপতি সিদ্ধার্থ মণ্ডলের নেতৃত্বে মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে। একপর্যায়ে তাঁরা কলেজের প্রধান ফটকের বাইরে কলেজ সড়ক অবরোধ করেন। প্রায় আধা ঘণ্টা পর পুলিশ তাঁদের সড়ক থেকে সরিয়ে দেয়। এরপর তাঁরা আবার কলেজ ক্যাম্পাসে মিছিল করতে থাকেন। এর একপর্যায়ে বেলা সাড়ে ১১টার দিকে অধ্যক্ষের কক্ষে গিয়ে বিক্ষোভকারীরা তাঁকে অবরুদ্ধ করেন এবং তাঁর বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। ১২টার দিকে ছাত্রলীগের নেতা মঈন তুষার অধ্যক্ষের কক্ষে ঢুকে তাঁকে পদত্যাগ করতে বলেন। তখন কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক এ এস কাইয়ুম উদ্দিন অধ্যক্ষের কার্যালয়ে গেলে বিক্ষোভকারীরা তাঁর বিরুদ্ধেও স্লোগান দিতে শুরু করেন। একপর্যায়ে ছাত্রলীগের কর্মীসহ কয়েকজন অধ্যক্ষের কক্ষে ঢুকে আসবাবপত্র ভাঙচুর শুরু করেন। এ সময় ছবি তুলতে গেলে তাঁরা সাংবাদিকদের ওপর চড়াও হন এবং এক ফটোসাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেন। দুপুর একটার দিকে অধ্যক্ষ শিগগিরই ডাকসু নির্বাচনের তফসিল হবে বলে আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অধ্যক্ষের কার্যালয় ছেড়ে চলে যান।এ ব্যাপারে ছাত্রলীগের নেতা মঈন তুষার প্রথম আলোকে বলেন, নির্বাচনের দাবিতে বিক্ষোভ, সড়ক অবরোধ ও অধ্যক্ষকে অবরুদ্ধ করা হয়েছিল। তবে অধ্যক্ষের কক্ষে কোনো ভাঙচুরের ঘটনা ঘটেনি।অধ্যক্ষ ননী গোপাল দাস প্রথম আলোকে বলেন, ‘ছাত্ররা আমার কক্ষের আসবাবপত্র এলোমেলো করে দিয়েছে। বাকসু নির্বাচনের নামে তারা উচ্ছৃঙ্খল আচরণ করেছে। তবে আমরাও নির্বাচন নিয়ে সভা করেছি। চেষ্টা করছি যাতে দ্রুত নির্বাচন দেয়া যায়।’ বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন প্রথম আলোকে বলেন, ছাত্ররা সড়ক অবরোধ করলে তাদের সরিয়ে দেওয়া হয়।