ব্রজমোহন কলেজের কর্মপরিষদ বাতিলের দাবি ছাত্রদলের
বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের কর্মপরিষদকে ছাত্র সংসদের গঠনতন্ত্রের পরিপন্থী ও অবৈধ উল্লেখ করে তা বাতিলের দাবি জানিয়েছে ছাত্রদল। গতকাল বুধবার বিকেলে সংবাদ সম্মেলনে ছাত্রদলের বিএম কলেজ শাখা ও বরিশাল জেলা মাহানগর কমিটির নেতারা এ দাবি জানান। এর আগে মঙ্গলবার ওই কলেজ শাখা ছাত্রলীগের একাংশ একই দাবিতে সংবাদ সম্মেলন করে।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, কলেজের ছাত্রদলসহ অন্য ছাত্র সংগঠনগুলোকে না জানিয়ে তথাকথিত কর্মপরিষদ গঠন করা হয়েছে, যা কোনোভাবেই সাধারণ শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্য নয়। ছাত্র সংসদের অর্থ আত্মসাৎ ও লুটপাটের উদ্দেশ্যেই বিতর্কিত ওই পরিষদ গঠন করা হয়েছে। ছাত্রদলসহ কোনো সাধারণ শিক্ষার্থী এই অবৈধ পরিষদের বৈধতা দিতে পারেন না। এরই মধ্যে অবৈধ উল্লেখ করে ওই পরিষদের চার সদস্য পদত্যাগ করেছেন।বরিশাল জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্রদলের বিএম কলেজ শাখার সভাপতি মশিউর রহমান। উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি পারভেজ আকন, জেলা আহ্বায়ক মাসুদ হাসান, যুগ্ম আহ্বায়ক এইচ এম তসলিমউদ্দিন প্রমুখ।সাধারণ শিক্ষার্থীদের বাকসু নির্বাচনের দাবি উপেক্ষা করে কলেজের অধ্যক্ষ ননী গোপাল দাস সোমবার দুপুরে ২৬ সদস্যবিশিষ্ট এ কর্মপরিষদ ঘোষণা করেন এবং এর সদস্যদের শপথ পড়ান।