ব্রজমোহন কলেজের বিদায়ী ও নতুন উভয় অধ্যক্ষ ওএসডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের ঐতিহ্যবাহী ব্রজমোহন কলেজের (বিএম) উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টায় প্রতিষ্ঠানটির বিদায়ী অধ্যক্ষ ও সদ্য নিয়োগ পাওয়া অধ্যক্ষ উভয়কেই ওএসডি (বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে। এদিকে অচলাবস্থা ও উত্তেজনা না কাটলেও আজ শনিবার থেকে কলেজে ক্লাস-পরীক্ষা শুরুর সম্ভাবনা রয়েছে। বিদায়ী অধ্যক্ষ ননী গোপাল দাসের বদলি ঠেকাতে ছাত্রলীগের আন্দোলন এবং নতুন অধ্যক্ষ শংকর চন্দ্র দত্তকে কাজে যোগদানের পথে সংগঠনটির নেতা-কর্মীদের হামলার ঘটনায় ওই পরিস্থিতির সৃষ্টি হয়।সংশ্লিষ্ট সূত্র জানায়, রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মোহামঞ্চদ নাসিরউদ্দিন গত বৃহস্পতিবার উভয় অধ্যক্ষকে ওএসডির ওই আদেশ জারি করেন। আদেশে দুজনকেই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে পদায়ন করা হয়। আগামী সোমবারের (১৮ ফেব্রুয়ারি) মধ্যে ওই কাজে তাঁদের যোগদান করতে বলা হয়েছে।এ ব্যাপারে অধ্যক্ষ শংকর চন্দ্র দত্ত প্রথম আলোকে বলেন, ‘নতুন পদায়নের বিষয়টি বৃহস্পতিবার রাতে আমি মৌখিকভাবে জেনেছি। সরকার আমাকে যেখানে যোগদান করতে বলবে, সেখানেই যোগ দেব।’প্রত্যক্ষদর্শী ও অন্য সূত্রগুলো জানায়, ক্যাম্পাস এখনো ছাত্রলীগের হামলাকারীদের নিয়ন্ত্রণেই রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার দুপুরে ছাত্রলীগের একাংশের নেতৃত্বে সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে।হামলাকারীদের বিচারের দাবিতে ওই দিন দুপুর ১২টার দিকে নগরের জেলখানা মোড়ে সমাবেশ শেষে ছাত্রলীগের একাংশ মিছিল বের করে। পরে মিছিল থেকে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়। মিছিলে জেলা ও মহানগর ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকে দেখা যায়।একই দিন হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে জেলা ও মহানগর ছাত্রদল। অন্যদিকে হামলায় নেতৃত্বদানকারী ছাত্রলীগের নেতা এবং কলেজের মেয়াদোত্তীর্ণ ছাত্র কর্মপরিষদের (ছাত্রলীগ নিয়ন্ত্রিত) নেতা-কর্মীরা অধ্যক্ষ ননী গোপাল দাসের বদলির আদেশ বাতিল এবং হামলার অভিযোগে গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীদের মুক্তির দাবিতে পাল্টা মিছিল করেছেন। সামগ্রিক পরিস্থিতি নিয়ে উপাধ্যক্ষ নজরুল ইসলাম বলেন, ‘অচলাবস্থা নিরসনে আমাদের কিছু করার নেই। আশা করি, শনিবার আনুষ্ঠানিকভাবে সব তালা খুলবে।’আহত অধ্যক্ষ শংকর চন্দ্র দত্ত গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘আমি কোনো রাজনীতির সঙ্গে জড়িত নই। সারা বছর ছাত্র পড়িয়ে জীবনের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। এ সময় ছাত্রদের হাতে লাঞ্ছিত হব, তা কোনো দিন ভাবিনি।’১৫ দিন ধরে আন্দোলনরত কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও অস্থায়ী কর্মপরিষদের সহসভাপতি মঈন তুষার বলেন, ‘কলেজ আমাদের নিয়ন্ত্রণে, এটা সঠিক নয়। সাধারণ শিক্ষার্থীরাই তালা দিয়েছিল। আজ (শনিবার) আমরা সাধারণ শিক্ষার্থীদের অনুরোধ জানিয়ে ক্লাস শুরুর উদ্যোগ নেব।’