ব্রডব্যান্ড সংযোগ আছে, সেবা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের গাইবান্ধায় বিটিসিএল এক্সচেঞ্জে ইন্টারনেটের ব্রডব্যান্ড সংযোগ থাকলেও এর সুফল পাচ্ছেন না জেলার বাসিন্দারা। সংযোগ প্রক্রিয়ায় জটিলতা ও প্রচারের অভাবে এই অবস্থার সৃষ্টি হয়েছে। তাই বিটিসিএল মাসে লাখ টাকা আয় থেকে বঞ্চিত হচ্ছে।
গাইবান্ধা বিটিসিএল কার্যালয় সূত্রে জানা যায়, ২০০০ সালে ঢাকা-রংপুর মহাসড়কের ঢাকা থেকে পঞ্চগড় পর্যন্ত অপটিক্যাল ফাইবার কেব্ল স্থাপন করা হয়। কিন্তু মহাসড়ক থেকে গাইবান্ধা জেলা শহরের দূরত্ব ২২ কিলোমিটার হওয়ায় সেখানে তখন সংযোগ দেওয়া সম্ভব হয়নি। ২০১৩ সালের ফেব্রুয়ারিতে প্রায় এক কোটি টাকা ব্যয়ে মহাসড়ক থেকে গাইবান্ধা শহরে বিটিসিএল টেলিফোন এক্সচেঞ্জ কার্যালয় পর্যন্ত কেব্ল স্থাপন করা হয়। কিন্তু সংযোগ চালুর প্রায় দুই বছর পেরিয়ে গেলেও গতকাল রোববার পর্যন্ত শহরটিতে ব্রডব্যান্ড সংযোগ দেওয়া হয়েছে মাত্র ১০টি। এর মধ্যে সাতটি সংযোগ সরকারি প্রতিষ্ঠানে ও তিনটি বেসরকারি প্রতিষ্ঠানে।
জানা গেছে, নানা জটিলতার কারণে ব্রডব্যান্ড সংযোগ নিতে মানুষ আগ্রহী নয়। গাইবান্ধা শহরের ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান অ্যাডভান্সড কম্পিউটারের স্বত্বাধিকারী রেজাউল করিম বলেন, ‘গাইবান্ধা বিটিসিএল কার্যালয়ের কর্মকর্তারা ব্রডব্যান্ড সম্পর্কে গ্রাহকদের বোঝাতে পারছেন না। কর্মকর্তাদের সঙ্গে কথা বলে দেখেছি, দ্রুতগতির ইন্টারনেটের ব্যাপারে তাঁদের কোনো ধারণা নেই। ফলে ইন্টারনেট ব্যবহারকারীরা বেসরকারি মুঠোফোন কোম্পানিগুলোর ইন্টারনেট ব্যবহারে ঝুঁকে পড়ছেন।’
এসব বিষয়ে গাইবান্ধা বিটিসিএলের উপসহকারী প্রকৌশলী (বহি) বিলকিস আক্তার বলেন, ব্রডব্যান্ড সম্পর্কে ধারণা না থাকার অভিযোগ সঠিক নয়। ঢাকার মগবাজার বিটিসিএল অফিস থেকে ব্রডব্যান্ড সংযোগ দেওয়া হয়। সেখান থেকে সংযোগ নিতে মানুষকে উদ্বুদ্ধ করা হচ্ছে।
ইন্টারনেট সেবাদানকারী গাইবান্ধা শহরের রেলগেট এলাকার ব্যবসায়ী পিটু রসিদ বলেন, অন্যান্য অপারেটরের চেয়ে বিটিসিএলের ইন্টারনেট মূল্য বেশি। এ ছাড়া ব্রডব্যান্ড সংযোগ নিতে ঢাকা যেতে হয়। সংযোগ গ্রহণ প্রক্রিয়াও জটিল।
বিলকিস আক্তার আরও বলেন, মুঠোফোন এখন সহজলভ্য হয়ে গেছে। এ ছাড়া বর্তমানে মানুষ মুঠোফোন ব্যবহারে অভ্যস্ত বেশি। তাই তাঁরা সেদিকেই ঝুঁকে পড়ছেন। অথচ বিটিসিএলের ব্রডব্যান্ড দ্রুতগতির ইন্টারনেট সেবা দিতে পারে।