ব্রহ্মচারী আশ্রমে দুই ভক্তকে কুপিয়ে জখম
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদীতে অবস্থিত শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে বেড়াতে আসা দুই ভক্তকে গত বৃহস্পতিবার রাতে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, কুমিল্লার লাকসামের উত্তরদা গ্রামের শান্তিবালা দাস পরিবারের চার সদস্যকে নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় ওই আশ্রমে বেড়াতে আসেন। পরে তাঁরা আশ্রমের তীর্থ নিবাসের চারতলার একটি কক্ষে অবস্থান নেন। রাতে শান্তিবালা দাসের ছেলে মরণ চন্দ্র দাস ও তাঁর স্ত্রীর বড় ভাই শ্যামল চন্দ্র দাস কক্ষ ছেড়ে আশ্রমের ভেতরেই পূজা করতে যান। এ সুযোগে কয়েকজন দুর্বৃত্ত ওই কক্ষে প্রবেশ করে শান্তিবালা দাস ও তাঁর পুত্রবধূ আরতি রানীর কাছে থাকা স্বর্ণালংকার ও টাকাপয়সা লুট করার চেষ্টা করে। এতে বাধা দিলে দুর্বৃত্তরা তাঁদের কুপিয়ে পালিয়ে যায়। চিৎকার শুনে আশপাশের লোকজন তাঁদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় শান্তিবালা দাসের ছেলে মরণ চন্দ্র ওই রাতেই অভিযোগ দায়ের করেন।
সোনারগাঁ থানার ওসি আতিকুর রহমান খান জানান, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।