
শেরপুরের সদর উপজেলার ব্রহ্মপুত্র নদের ভয়াবহ ভাঙনে এক সপ্তাহে কুলুরচর ব্যাপারীপাড়া গ্রামের দেড় শতাধিক বসতভিটা বিলীন হয়েছে। এসব বাড়ির সদস্যরা এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছেন।
গত বুধবার বিকেলে কুলুরচর ব্যাপারীপাড়া গ্রামের বেশ কয়েকজন বাসিন্দা প্রথম আলোকে বলেন, প্রায় দেড় দশক আগে সদর উপজেলার ভাগলগড় গ্রামের পশ্চিম-দক্ষিণে জামালপুরের পাথালিয়ায় ব্রহ্মপুত্রের ভাঙন ঠেকাতে জামালপুর শহর রক্ষা বাঁধ দেওয়া হয়। এতে নদীর গতিপথ বদলে যায়। প্রতিবছর বর্ষা মৌসুমে এ নদের স্রোত সদরের কুলুরচর ব্যাপারীপাড়া, ভাগলগড়সহ আশপাশের গ্রামগুলোতে সরাসরি আঘাত হানে। চলতি বর্ষা মৌসুমে ব্রহ্মপুত্রের পানি বাড়ায় এবং প্রবল¯স্রোতে কুলুরচর ব্যাপারীপাড়া গ্রামে ভাঙন ভয়াবহ রূপ ধারণ করেছে।
গ্রামবাসী সূত্রে জানা গেছে, এ গ্রামে প্রায় পাঁচ হাজার মানুষ বাস করে। ভোটার সংখ্যা ১ হাজার ৮২৫। গত এক সপ্তাহে ঘরবাড়ি ছাড়াও বিপুলসংখ্যক গাছপালা বিলীন হয়ে গেছে। তাঁরা এখন আতঙ্কে দিন কাটাচ্ছেন। প্রতিদিনই ৮-১০টি বাড়ি নদের গর্ভে চলে যাচ্ছে। ভাঙনের মুখে অনেক পরিবার ঘর ভেঙে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে। অনেকে ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে অবস্থান করছে।
কুলুরচর ব্যাপারীপাড়া গ্রামের ছাহেরা বেগম (৬০) বলেন, ‘বুধবার নদে আমার দুইটা ঘরই ভাইঙ্গ্যা নিয়া গ্যাছে। একটা গরু, দুইটা ছাগল ও পাঁচটা গাছও গ্রাস করছে। অহন আমার মাথা গোঁজার ঠাঁই নাই। খোলা আসমানের নিচে দিন কাটাইতাছি। চেয়ারম্যান, মেম্বর বা সরকারের কোনো লোক আসে নাই। আমরা কোনো সাহায্য সহযোগিতা পাই নাই।’
মোছা. আজিদা নামের এক গৃহবধূ বলেন, ‘নদী আমগো ঘরবাড়ি সব ভাইঙ্গ্যা নিয়া গ্যাছে। অহন নৌকার মধ্যে পলিথিন দিয়া ঘর বানাইয়া থাকতাছি।’
একই গ্রামের ব্যবসায়ী মো. নজরুল ইসলাম বলেন, ‘এখন আমরা নদের সঙ্গে যুদ্ধ করে বেঁচে আছি। আমরা আমাদের জনপ্রতিনিধিদের কাছে বারবার আবেদন করি বাঁধ দেওয়ার জন্য। নির্বাচন এলে তাঁরাও প্রতিশ্রুতি দেন। কিন্তু পরে আর বাঁধ নির্মাণ করা হয় না। তাই ভাঙনের হাত থেকে রক্ষার জন্য ব্রহ্মপুত্র নদে দ্রুত বাঁধ নির্মাণের জন্য সরকারের কাছে আবেদন জানাই।’
চরপক্ষীমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান মো. আবদুর রউফ বলেন, চলতি বর্ষা মৌসুমে কুলুরচর ব্যাপারীপাড়া গ্রামে দেড় শতাধিক ঘরবাড়ি নদের পেটে চলে যাওয়ার বিষয়টি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সাহায্যের আবেদন করা হয়েছে।
ইউএনও মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, তিনি ইতিমধ্যে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা করে সরকারি নিয়মানুযায়ী তাঁদের সাহায্য দেওয়া হবে। এ ছাড়া ক্ষতিগ্রস্ত গৃহহীনদের খাসজমি বা গুচ্ছগ্রামে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) শেরপুর কার্যালয়ে উপবিভাগীয় প্রকৌশলী মো. রফিকুল আলম চৌধুরী বলেন, ব্রহ্মপুত্র নদে বাঁধ নির্মাণে বর্তমানে পাউবোর কোনো প্রকল্প নেই। তবে গতিপথ পরিবর্তনের জন্য নদে খননকাজ চলছে।