ব্রহ্মপুত্র থেকে বালু তোলায় হুমকিতে বিদ্যুৎকেন্দ্র

ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদের চর কালীবাড়ি এলাকায় কয়েক মাস ধরে অবৈধভাবে বালু উত্তোলন চলছে। বালু তোলার নামে নদীর তলদেশ খননের কারণে হুমকির মুখে পড়েছে ময়মনসিংহ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র।
ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসকের (রাজস্ব) কার্যালয় সূত্রে জানা যায়, বিদ্যুৎকেন্দ্রের আশপাশে চর কালীবাড়ি এলাকায় ইজারা দেওয়া বালুমহাল নেই। কে বা কারা অবৈধভাবে বালু উত্তোলন করছে, তা তাঁদের জানা নেই। গত ৬ মার্চ বিদ্যুৎকেন্দ্রের পক্ষ থেকে ওই এলাকার নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবি জানিয়ে জেলা প্রশাসক, জেলা পরিষদের প্রশাসক, পুলিশ সুপার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ স্থানীয় জনপ্রতিনিধিদের চিঠি দিয়েছেন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের প্রধান প্রকৌশলী সত্য রঞ্জন দেবনাথ। কিন্তু কারা নদী থেকে বালু উত্তোলন করে বিদ্যুৎকেন্দ্রটি হুমকির মুখে ফেলছেন, তাঁদের নাম ওই চিঠিতে নেই।
বিদ্যুৎকেন্দ্রের দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, ২০০০ সালের মার্চে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রহ্মপুত্র নদের তীরসংলগ্ন ২৩ একর জমিতে প্রায় ২০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত বিদ্যুৎকেন্দ্রটি উদ্বোধন করেন। এখানে প্রতিদিন গড়ে ২১০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়। ২০০৭ সালে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ স্পর্শকাতর স্থাপনার শ্রেণি বিভাগে এটি ‘১-ক’তে উন্নীত হয়। বিদ্যুৎকেন্দ্রের কাছেই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন সরকারি দল-সমর্থিত স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি। এ ক্ষেত্রে প্রশাসনের কোনো নজরদারি নেই বলে অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা।
গত বুধ ও বৃহস্পতিবার ময়মনসিংহ শহরের থানাঘাট দিয়ে নদী পার হয়ে চর কালীবাড়ি এলাকায় গিয়ে দেখা যায়, এলাকার বিস্তীর্ণ এলাকাজুড়ে চলছে বালু উত্তোলনের কাজ। কোথাও কোথাও খননযন্ত্র (ড্রেজার) ও কোদাল দিয়ে নদীর তলদেশ খনন করে ২০ থেকে ২৫ ফুট গভীর গর্তের সৃষ্টি করা হয়েছে। বিদ্যুৎকেন্দ্র থেকে প্রায় ২০ ফুট দূরত্বের মধ্যেও ২০ থেকে ২৫ ফুট গভীর গর্ত করে তোলা হচ্ছে বালু। এতে যেকোনো সময় বিদ্যুৎকেন্দ্রের বাঁধটি ধসে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ ও এলাকাবাসী। এলাকাবাসী ও কয়েকজন জনপ্রতিনিধি জানান, খনন করা সব জায়গা ব্রহ্মপুত্র নদের নয়।
সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক মণ্ডল বলেন, ‘সরকারি দলের সমর্থনপুষ্ট কেউ মাটি কাটছে না। আর কারা মাটি কাটছে, সে ব্যাপারে আমি নিশ্চিত না। তবে বিদ্যুৎকেন্দ্রের পাশের যে জায়গা নিয়ে অভিযোগ, সেটি নদী না, ব্যক্তিমালিকানাধীন জমি।’
চর ঈশ্বরদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, ‘মাটি কেটে বিদ্যুৎকেন্দ্রটি হুমকির মুখে ফেলার অভিযোগ আমিও পেয়েছি। কারা এই কাজের সঙ্গে জড়িত, তা খুঁজে বের করে কথা বলতে হবে।’ তিনি বলেন, বিদ্যুৎকেন্দ্রের প্রায় ২০ ফুট কাছের জায়গাটি ব্যক্তিমালিকানাধীন।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ মোহাম্মদ হুমায়ুন বলেন, ‘অভিযোগ পাওয়ার পর আমরা জায়গাটি পরিদর্শন করেছি। ওই এলাকা থেকে আর যাতে কেউ বালু উত্তোলন করতে না পারে, সেই ব্যবস্থা করা হবে।’ তিনি জানান, বিদ্যুৎকেন্দ্রের কাছের ওই জায়গাটিও নদীর জায়গা হবে। তবে কাগজপত্র দেখে বিষয়টি নিশ্চিত করবেন বলে জানান তিনি।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হারুন-অর-রশিদ বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি। বিদ্যুৎকেন্দ্র রক্ষায় যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’