ব্রহ্মপুত্র নদে নৌকাডুবি, স্কুলছাত্রী নিখোঁজ
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবে এক স্কুলছাত্রী নিখোঁজ হয়েছে। গতকাল বুধবার ফজলুপুর ইউনিয়নের হারুডাঙ্গা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ ছাত্রীর নাম মোর্শেদা খাতুন (১৩)। সে গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের কুন্দেরপাড়া গ্রামের মকবুল হোসেনের মেয়ে ও হারুডাঙ্গা উপ-আনুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।
ফজলুপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জয়নাল আবেদীন বলেন, গতকাল সকালে ২০-২৫ জন শিক্ষার্থী ও যাত্রী নিয়ে একটি নৌকা সাপকাটা চড় থেকে হারুডাঙ্গা যাচ্ছিল। নৌকাটি হারুডাঙ্গা এলাকার কাছাকাছি এসে ডুবে যায়। এ সময় নৌকায় থাকা শিক্ষার্থী ও যাত্রীরা সাঁতার কেটে এবং স্থানীয় ব্যক্তিদের সহায়তায় রক্ষা পায়। কিন্তু মোর্শেদা নিখোঁজ হয়।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিখোঁজ মোর্শেদাকে উদ্ধারের জন্য স্থানীয় ব্যক্তিরা ও রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল চেষ্টা চালাচ্ছে। তবে গতকাল সন্ধ্যা সাতটা পর্যন্ত মোর্শেদার কোনো সন্ধান পাওয়া যায়নি।