ব্রহ্মপুত্র নদে নৌকার তলা ফেটে আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদে শ্যালো ইঞ্জিনচালিত যাত্রীবাহী নৌকার তলা ফেটে যাওয়ায় হুড়োহুড়িতে দুই শিশুসহ পাঁচজন আহত হয়েছেন। গতকাল সোমবার সকালে কুড়িগ্রাম থেকে রৌমারী যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

কয়েকজন যাত্রী জানান, কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ঘাট থেকে সকাল ১০টায় শ্যালো ইঞ্জিনচালিত একটি নৌকা শতাধিক যাত্রী নিয়ে রৌমারী উপজেলার উদ্দেশে রওনা দেয়। ধরলা নদী পার হয়ে ব্রহ্মপুত্র নদের মধ্যবর্তী উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের চর গুজিমারী এলাকায় নৌকাটির তলা ফেটে যায়। এতে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। মাঝি বিষয়টি বুঝতে পেরে পাশের বালুচরে নৌকা ভেড়ানোর চেষ্টা করেন। নৌকা বালুচরে পৌঁছানোর আগেই তলিয়ে যাওয়ার উপক্রম হলে যাত্রীরা পানিতে লাফিয়ে সাঁতার কেটে কিনারে উঠতে সক্ষম হন। তাড়াহুড়ো করে নামতে গিয়ে পড়ে দুই শিশুসহ পাঁচজন আহত হন।

কুড়িগ্রাম সদর ইউএনও আমিনুল ইসলাম বলেন, চিলমারী ঘাট থেকে আরেকটি ইঞ্জিনচালিত নৌকা পাঠিয়ে দুর্ঘটনার শিকার লোকদের উদ্ধার করে রৌমারী পৌঁছে দেওয়া হয়।