ব্রহ্মপুত্র নদে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন
ব্রহ্মপুত্র নদের ওপর রেলসেতু নির্মাণের দাবিতে গত শনিবার গাইবান্ধা-বালাসি সড়কের মদনেরপাড়া থেকে বালাসি পর্যন্ত তিন কিলোমিটার এলাকায় মানববন্ধন হয়েছে। গাইবান্ধা ব্রহ্মপুত্র সড়ক ও রেলসেতু বাস্তবায়ন কমিটি এ কর্মসূচির আয়োজন করে।মানববন্ধনে সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মী এবং বিভিন্ন শ্রেণী ও পেশার সহস্রাধিক মানুষ অংশ নেন। মানববন্ধন চলাকালে আশরাফ আলী, আবদুল হাই, ছদরুল কবির, সানোয়ার হোসেন, জাহাঙ্গীর আলম, সৈয়দ বেলাল হোসেন, এনামুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। সমাবেশে বক্তারা বলেন, গাইবান্ধা থেকে ট্রেনযোগে বঙ্গবন্ধু যমুনা সেতু হয়ে ঢাকা যেতে নয় থেকে ১০ ঘণ্টা এবং বাসযোগে ছয় ঘণ্টা লাগে। অথচ গাইবান্ধা শহরের পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত বালাসি থেকে বাহাদুরাবাদ পর্যন্ত ব্রহ্মপুত্র নদের ওপর সেতু নির্মিত হলে ঢাকা যেতে অর্ধেকের কম সময় লাগবে। পাশাপাশি রংপুর বিভাগের অপর সাত জেলার মানুষের সঙ্গে সড়কপথে যোগাযোগ-সুবিধাও বাড়বে। এতে অর্থনৈতিক বৈষম্যও দূর হবে। তাই অবিলম্বে বঙ্গবন্ধু যমুনা বহুমুখী সেতুর মতো ব্রহ্মপুত্র সেতু নির্মাণ করতে হবে।