ব্রহ্মপুত্রতীরে লাখো পুণ্যার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দের ব্রহ্মপুত্র নদে গতকাল শুক্রবার শুরু হয়েছে হিন্দুধর্মাবলম্বীদের পবিত্র মহাষ্টমী স্নানোৎসব। পাপমোচনের আশায় লাখো পুণ্যার্থী ফুল, বেলপাতা, ধান, দূর্বা, হরীতকী ও ডাব নিয়ে মন্ত্র পাঠের মাধ্যমে স্নানোৎসবে যোগ দিয়েছেন। এ সময় মুখর হয়ে ওঠে লাঙ্গলবন্দের ব্রহ্মপুত্রের তীর। আজ শনিবার সকালে শেষ হবে এই স্নানোৎসব।স্নানোৎসবে অংশ নিতে বৃহস্পতিবার বিকেলের পর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে সড়ক ও নৌপথে আসতে শুরু করেন পুণ্যার্থীরা। সকাল আটটার আগেই বিভিন্ন বয়সী লাখো নারী-পুরুষ লাঙ্গলবন্দ থেকে সাবদি পর্যন্ত প্রায় দুই কিলোমিটারজুড়ে ব্রহ্মপুত্র নদের ১৪টি ঘাটে জড়ো হন। সকাল আটটা ১৯ মিনিট ৪০ সেকেন্ডে লগ্ন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে পুণ্যার্থীরা ‘হে মহাভাগ ব্রহ্মপুত্র, হে লৌহিত্য, আমার পাপ হরণ করো’ মন্ত্র উচ্চারণ করতে করতে স্নানোৎসব শুরু করেন।লাঙ্গলবন্দের বহ্মপুত্র নদে রক্ষাকালীর ঘাট, ললিত সাধুর ঘাট, অন্নপূর্ণার ঘাট, রাজঘাট, কালীগঞ্জ ঘাট, মা কুঁড়ি সাধুর ঘাট, মহাত্মা গান্ধীর ঘাট, প্রেমতলা ঘাট, চর শ্রীরাম ঘাট, সাবদি ঘাট, বাসনকালী, বড় দেবশ্বরী ঘাট, জয়কালীর ঘাট ও জগদ্বন্ধুর ঘাটে একযোগে স্নানোৎসব হয়। সবচেয়ে বেশি ভিড় হয় রাজঘাটে।অন্যবারের তুলনায় এবার নদীর পানি ছিল কচুরিপানামুক্ত ও স্বচ্ছ। প্রশাসনের পক্ষ থেকে পানীয় জলের ব্যবস্থা করা হয় ও নির্মাণ করা হয় অস্থায়ী শৌচাগার। এসব আয়োজন ও পুলিশি নিরাপত্তাব্যবস্থায় পুণ্যার্থীরা মোটামুটি সন্তুষ্ট হলেও ক্ষোভ ছিল নারী পুণ্যার্থীদের পোশাক পরিবর্তনের ব্যবস্থা নিয়ে। কারণ, এই ব্যবস্থা ছিল প্রয়োজনের তুলনায় অপ্রতুল। এ ব্যাপারে লাঙ্গলবন্দ স্নান উৎসব উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক বাসুদেব চক্রবর্তী প্রথম আলোকে বলেন, স্নান শেষে কাপড় বদলানোর জন্য প্রতি ঘাটে পুরুষ ও নারীদের জন্য একটি করে ঘর রয়েছে। একসঙ্গে পুণ্যার্থীদের ঢল নামায় একটু সমস্যা হয়েছে। ভবিষ্যতে এই বিষয়গুলোর দিকে দৃষ্টি দেওয়া হবে।পরিষদের সহসভাপতি প্রবীর কুমার সাহা জানান, শুধু দেশের বিভিন্ন স্থান থেকে নয়—ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও তিব্বত থেকেও বিপুলসংখ্যক পুণ্যার্থী আসতে শুরু করেছেন স্নানোৎসবে। শতাধিক সামাজিক ধর্মীয় সংগঠন পুণ্যার্থীদের জন্য খাবার, চিকিৎসা ও পানীয় জলের ব্যবস্থা করেছে। স্নানোৎসবের লগ্ন শেষ হবে আজ শনিবার সকাল নয়টা ১০ মিনিট ৪৮ সেকেন্ডে। জেলা পুলিশ সুপার (এসপি) শেখ নাজমুল আলম জানান, স্নানোৎসবের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।