ব্রহ্মপুত্রে অবাধে ডিমওয়ালা মাছ নিধন
কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদে জেলেরা অবাধে দেশীয় বিভিন্ন জাতের ডিমওয়ালা মা-মাছ ধরছেন। নদ-নদীর পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে রুই, কাতলা, বোয়াল, চিতল ও আইড় মাছ ডিম ছাড়ার জন্য নদের তীরবর্তী নিরাপদ আশ্রয়ে আসে। এ সময় পেশাদার জেলেরা জাল দিয়ে মা-মাছগুলো ধরে বিক্রি করছেন।সংশ্লিষ্ট বিভাগ জানায়, বৃষ্টিতে নদের পানি বেড়ে গেলে মা-মাছ পোনা ছাড়ে। জেলেরা নদসংলগ্ন নালার মুখে ঝাইট, খরাসহ বিভিন্ন জাল পেতে ডিমওয়ালা এই দেশি মাছগুলো ধরার জন্য সারা রাত বসে থাকেন। একটু উঁচু ও নিরাপদ জায়গা খুঁজতে এসে তাঁদের জালে ধরা পড়ছে এ মাছ।গত রোববার সকালে চিলমারী রমনা ঘাটে গিয়ে দেখা গেছে, বেশ কিছু ডিমওয়ালা বড় মাছ ধরা পড়েছে। এগুলো ঢাকায় পাঠানোর জন্য বিশেষভাবে প্যাকেট করা হচ্ছে।মাছব্যবসায়ী হবিবর রহমান বলেন, ‘মাঝিরা সারা রাত জেগে মাছ ধরে আমাদের দেন। জানি, ডিমওয়ালা মাছ ধরা ঠিক নয়। জেলেদের বলি, কিন্তু শোনে না।’ তিনি আরও বলেন, ‘আমার মতো অনেকে মাছের ব্যবসা করে।’ শংকর নামে এক মাঝি বলেন, ‘হামরা গরিব মানুষ। ডিমওয়ালা মাছ ধরতে কেউ নিষেধ করে নাই, তাই ধরি।’চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এনামুল হক জানান, সরকারিভাবে ব্রহ্মপুত্রকে মাছের ডিম ছাড়ার জন্য নিরাপদ জোন হিসাবে ঘোষণা করা হয়নি। কিন্তু দেশি এসব মাছের বংশ রক্ষা করা প্রয়োজন।কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী আবেদ হোসেন বলেন, ‘গত তিন মাস কুড়িগ্রামে মাছ ধরা বন্ধ রয়েছে। অনেকে চুরি করে ধরে। আমরা চেষ্টা করছি, তাদের চিহ্নিত করতে।’কুড়িগ্রাম জেলার সহকারী মৎস্য কর্মকর্তা পরিমল সাহা বলেন, ‘আইনত মা-মাছ ধরা ঠিক নয়। তবে এ ব্যাপারে আমারদের কোনো কর্মসূচি নেই।’