ব্রহ্মপুত্রে নিখোঁজ পুলিশ সদস্যের লাশ উদ্ধার
জামালপুরে ব্রহ্মপুত্র নদে তলিয়ে যাওয়া পুলিশের সদস্য নূর উদ্দিনের লাশ পাওয়া গেছে। দমকল বাহিনীর একটি ডুবুরি দল গত শনিবার রাতে তাঁর লাশ উদ্ধার করে।জেলা সদরের নরুন্দি ইউনিয়নের মাঝপাড়া গ্রামের বাসিন্দা নূর উদ্দিন শনিবার সকালে শ্বশুরবাড়ির কয়েকজনকে নিয়ে নদীতে নৌকা ভ্রমণে যান। নৌকাটি মাঝনদীতে যাওয়ার পর তাঁর এক শ্যালিকা পানিতে পড়ে যায়। তাকে উদ্ধারে সঙ্গে থাকা অপর দুই নারী পানিতে ঝাঁপিয়ে পড়েন। পরে নূর উদ্দিন এই তিনজনকে উদ্ধার করে নৌকায় তুলতে পারলেও নিজে তলিয়ে যান।নরুন্দি পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আরিফুর রহমান প্রথম আলোকে জানান, ঢাকায় দমকল বাহিনীর সদর দপ্তর থেকে স্টেশন কর্মকর্তা মো. সায়েদুজ্জামানের নেতৃত্বে চার সদস্যের একটি ডুবুরি দল শনিবার রাত সাড়ে আটটার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। ডুবুরিরা অনুসন্ধান চালিয়ে রাত নয়টার দিকে নূর উদ্দিনকে মৃত অবস্থায় উদ্ধার করেন। লাশ রাতেই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। গতকাল রোববার লাশ দাফন করা হয়েছে।পারিবারিক সূত্র জানায়, নূর উদ্দিন ঢাকায় পুলিশের বিশেষ শাখায় কর্মরত ছিলেন। এক মাসের ছুটি নিয়ে তিনি শনিবার বাড়িতে আসেন।