ব্রহ্মপুত্রে বহুমুখী সেতু নির্মাণের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার বালাসি থেকে জামালপুরের বাহাদুরাবাদ পর্যন্ত ব্রহ্মপুত্র নদের ওপর বহুমুখী সেতু নির্মাণের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এলাকাবাসী। দাবি বাস্তবায়নে কয়েক দফা মিছিল, সমাবেশ, মানববন্ধন, লংমার্চসহ বিভিন্ন কর্মসূচি পালন অব্যাহত রয়েছে।
এদিকে বহুমুখী সেতু নির্মাণ না হওয়া পর্যন্ত বিকল্প হিসেবে বালাসি-বাহাদুরাবাদ নৌপথে ফেরি সার্ভিস চালুর দাবি উঠেছে। এই সার্ভিস চালু হলে উত্তরাঞ্চলের গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, ঠাকুরগাঁও, নীলফামারী, পঞ্চগড় ও দিনাজপুর জেলার সঙ্গে ময়মনসিংহ, ঢাকা ও সিলেটের দূরত্ব অনেক কমে যাবে বলে স্থানীয় লোকজন মনে করছেন। এ ছাড়া ঢাকা-রংপুর মহাসড়কে যানবাহনের ওপর চাপ কমবে।
গাইবান্ধা রেলস্টেশন সূত্র জানায়, একসময় বালাসি-বাহাদুরাবাদ নৌপথে রেলওয়ে ফেরি সার্ভিস চালু ছিল। উত্তরাঞ্চলের মানুষ দিনাজপুর থেকে রংপুর হয়ে ট্রেনযোগে বালাসিতে যেতে পারতেন। বালাসি থেকে রেলওয়ে ফেরিতে পারাপার হয়ে বাহাদুরাবাদ থেকে পুনরায় ট্রেনে করে ময়মনসিংহ, ঢাকা, সিলেট, চট্টগ্রাম যাতায়াত করা যেত। কিন্তু ২০০৪ সালে বালাসি-বাহাদুরাবাদ পথে রেলওয়ে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। তখন থেকে এই পথে নৌকা যাতায়াত শুরু হয়। বালাসি থেকে বাহাদুরাবাদ যেতে দেড় ঘণ্টা, বাহাদুরাবাদ থেকে বালাসিতে আসতে আড়াই ঘণ্টা লাগছে।
গাইবান্ধা ব্রহ্মপুত্র সড়ক ও রেলসেতু বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি আশরাফ আলী বলেন, বহুমুখী সেতু নির্মাণ না হওয়া পর্যন্ত যানবাহন চলাচলের জন্য ফেরি সার্ভিস চালু হলে গাইবান্ধাসহ রংপুর বিভাগের আট জেলার মানুষ বাসযোগে কম সময়ে সরাসরি জামালপুর, সিলেট, ময়মনসিংহ ও ঢাকায় যেতে পারবেন। এ জন্য সরকারের ব্যয় বাড়বে না।
২৮ জুন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বালাসিতে এক জনসভায় বলেন, বালাসি-বাহাদুরাবাদ পথে যানবাহন পারাপারের জন্য আগামী তিন মাসের মধ্যে ফেরি সার্ভিস চালু করা হবে। কিন্তু ওই তিন মাসে এ নিয়ে কোনো পদক্ষেপ লক্ষ করা যাচ্ছে না। গাইবান্ধা থেকে বালাসি ঘাট পর্যন্ত সড়কে ভারী যানবাহন চলাচলের উপযোগী করতে সাড়ে ছয় কোটি টাকার প্রকল্প সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে গাইবান্ধা সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী এম আবদুস সালাম জানিয়েছেন।
জেলা প্রশাসক কাজী আনোয়ারুল হক প্রথম আলোকে বলেন, বালাসি-বাহাদুরাবাদ নৌপথে ফেরি সার্ভিস চালুর জন্য বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষকে (বিআইডব্লিউটিএ) জানানো হয়েছে। ইতিমধ্যে কর্তৃপক্ষ বালাসি ঘাট এলাকা ঘুরে গেছে। শিগগিরই ফেরি সার্ভিস চালু হবে বলে আশা করা যাচ্ছে। বিআইডব্লিওটিএর আরিচা-পাটুরিয়া অঞ্চলের সহকারী মহাপরিচালক জিল্লুর রহমান বলেন, নৌপরিবহন মন্ত্রণালয়ের নির্দেশে দুটি ফেরি তৈরি রাখা হয়েছে। প্রতিটি ফেরিতে ছয়-সাতটি যাত্রীবাহী বাস ও ট্রাক পারাপার হতে পারবে।