ব্রহ্মপুত্রে স্রোত ফেরাতে নাগরিক আন্দোলন
‘এ নদে হাজার মণী বড় পালতোলা নৌকা চলতে দেখেছি। এহন শুকনা মৌসুমে চরের জমিতে ধান চাষ করি। নদের আগের কথা ভাবলে স্বপ্নের মতন লাগে।’ ব্রহ্মপুত্র নদ নিয়ে আক্ষেপভরে কথাগুলো বলছিলেন সত্তরোর্ধ্ব কৃষক শহীদুল ইসলাম।ময়মনসিংহের শম্ভুগঞ্জ রেলওয়ে সেতু ও চীন-বাংলাদেশ মৈত্রী সেতুর মাঝের স্থানে ব্রহ্মপুত্রের বুকে জেগে ওঠা চরে সম্প্রতি কথা হয় ওই কৃষকের সঙ্গে। শহরের কোল ঘেঁষে বয়ে যাওয়া এককালের খরস্রোতা নদটির বুকে এখন ছোট-বড় অসংখ্য চর। নদের পানি শুকিয়ে কোথাও হাঁটুসমান পানি। কোথাও পা না ভিজিয়েই নদের এপার থেকে ওপারে যাওয়া যায়। এই নদের স্রোত ফেরানোর দাবিতে সোচ্চার হয়ে উঠেছে স্থানীয় নাগরিক আন্দোলন। শহরের বয়োজ্যেষ্ঠদের সঙ্গে কথা বলে জানা যায়, নৌপথে চলাচল ও পরিবহনের সুবিধার্থে জেলার বেগুনবাড়ি থেকে টোক পর্যন্ত ৫৫ কিলোমিটার নদের দুই তীরে অসংখ্য হাট-বাজার ও কয়েকটি নদীবন্দর গড়ে উঠেছিল। সেসবেরও আজ রূপ পাল্টে গেছে।ব্রক্ষপুত্র নদের এ করুণ পরিণতিতে নদের পাড়ের মানুষই শুধু নয়, শহরবাসীরও আক্ষেপের অন্ত নেই। জেলার সামাজিক সংগঠনগুলো তাই যখনই নদ খননের আন্দোলন কর্মসূচি দেয়, তখন সর্বস্তরের মানুষ তাতে যোগ দিয়ে একাত্মতা ঘোষণা করে।সমপ্রতি নদের বিভিন্ন এলাকা সরেজমিনে দেখা গেছে, চরগুলোতে ধান, গম ও সবজির আবাদ চলছে। গরু-ছাগল চরের জমিতে অবাধে বিচরণ করছে। হাঁটুসমান পানিতে নেমেই গোসল করছে অনেকে।চীন-বাংলাদেশ মৈত্রী সড়ক সেতুর ওপর দাঁড়িয়ে কথা হয় গাজীপুরের বেগমপুর গ্রামের বৃদ্ধ কফিল উদ্দিন দেওয়ানের সঙ্গে। তিনি জানান, ২০-২৫ বছর আগে নদের পাড়ের শম্ভুগঞ্জের চরপাড়ায় মেয়েকে বিয়ে দিয়েছেন। জামাইবাড়িতে বেড়াতে এসে সময় পেলেই নদের পাড়ে তিনি ঘুরতে বেড়ান। তিনি বলেন, ‘নদের পাড়ে বসে গল্প করতাম। কী যে ভালো লাগত! কী বিশাল নদ, আজ কী হয়েছে, ভাবলে কষ্ট হয়।’ নদের পাড়ের কেওয়াটখালী এলাকার তোফাজ্জল হোসেন বলেন, ‘ছোটবেলায় দল বেঁধে নদে গোসল করতে নামতাম, সাঁতার কাটতাম। শহরের হাজার হাজার নারী-পুরুষ নদে গোসল করতেন। এখন নদের পানি বর্ষায় ঘোলা থাকে। শুকনোতে শহরের নোংরা আবর্জনায় পানির রং হয় কালো কুচকুচে।’বেগুনবাড়ির জেলে পরিবারের সদস্য হরনাথ সরকার এখন নদে বালু তোলার কাজ করেন। তিনি বলেন, ‘বাপ-দাদার পেশা ছেড়ে নিরুপায় হয়ে বালু তোলার কাজ করছি। হুনছি বাপ-দাদারা এ নদ থেকে ২০-৩০ কেজি ওজনের বোয়াল, কাতল ও আইড় মাছ ধরতেন। এহন পানিই নাই, মাছ থাকব কই!’জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক প্রকৌশলী নূরুল আমীন বলেন, ‘নদটির সঙ্গে এ অঞ্চলের মানুষের জীবন-জীবিকার সম্পর্ক ছিল। আর এ নদের আজ করুণ অবস্থা। নদটি খননসহ বেদখল হয়ে যাওয়া নদের পাড়ের জমি উদ্ধার করতে আমরা নাগরিক আন্দোলনের পক্ষ থেকে নৌকা মিছিল, নৌকাবাইচসহ মানববন্ধন কর্মসূচি করেছি।’