ব্রহ্মপুত্রের পানি বিপৎসীমার ১৩ সেমি ওপরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও গতকাল সোমবার সন্ধ্যায় ব্রহ্মপুত্র নদের পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে এ তথ্য জানা যায়।
কুড়িগ্রাম পাউবো জানায়, গত রোববার চিলমারী পয়েন্টে ব্রহ্মপুত্র নদের পানি বিপৎসীমার ২১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। গতকাল সন্ধ্যা ছয়টায় একই পয়েন্টে পানি ৮ সেন্টিমিটার কমেছে। জেলার ১৬টি নদ-নদীর পানিও কমেছে। এসব নদ-নদীর অববাহিকার চরাঞ্চলগুলোতে পানি কমছে।
এদিকে পরপর দুবার পানি বৃদ্ধির ফলে চরাঞ্চলের মানুষ বিশুদ্ধ পানি ও খাদ্যসংকটে পড়েছে। সদর উপজেলার খাসের চর এলাকার গোলজার হোসেন ও রলাকাটার চরের হনুফা বেওয়া বলেন, পানির মধ্যে তাঁরা খুব কষ্টে আছেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বলেন, পানি কমছে। পরিস্থিতি খারাপ হলে শুকনো খাবার বিতরণ করা হবে।
জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন বলেন, ‘বন্যাদুর্গত এলাকা দেখতে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী বুধবার কুড়িগ্রামে আসছেন।’