ব্রহ্মপুত্রের বুকে পুকুর, আমবাগান

কিশোরগঞ্জের কটিয়াদীতে মাছ চাষ করার জন্য ব্রহ্মপুত্র নদ দখল করে পুকুর কাটা হয়েছে। আর সেই পুকুর ঘিরে করা হয়েছে আমের বাগান। স্থানীয় বিত্তশালী মুক্তার উদ্দিন ১২ বছর ধরে এভাবে নদ দখল করে আছেন।
১৩ আগস্ট সরেজমিনে দেখা যায়, পৌর শহরের কটিয়াদী পশ্চিমপাড়া ও জালালপুর ইউনিয়নের নোয়াকান্দি গ্রামের পাশের ব্রহ্মপুত্র নদে এ পুকুর কাটা হয়েছে। পুকুরটি নদের প্রায় ৪০০ শতাংশ জায়গা দখল করে আছে। পুকুরের পাড় বেশ উঁচু করা হয়েছে। এর চারপাশে সারি সারি আমগাছ। ফাঁকে ফাঁকে জাম, লিচু ও নারকেলগাছের দেখা মেলে। আছে মেহগনিগাছ। পুকুরে ছাড়া হয়েছে মাছ। তাই পুরো এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে।
কটিয়াদী ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির এক ছাত্র বলেন, নদী হত্যা করে পুকুর বানানোর বিষয়ে কটিয়াদী ‘মডেল’ হতে পারে।
পশ্চিমপাড়া ও নোয়াকান্দি গ্রামের বেশ কয়েকজন বাসিন্দা বলেন, মুক্তার প্রায় ১২ বছর আগে এই পুকুর খনন করেন। তিনি এ মৌসুমে ৪ লাখ টাকার আম বিক্রি করেছেন। আর মাছ বিক্রি করেছেন ২০ লাখ টাকার। এবার তিনি এ পুকুরের উল্টো দিকে ব্রহ্মপুত্রের আরও একটি অংশ দখলে নিয়েছেন। সেখানে জাল দিয়ে বেষ্টনী গড়ে মাছ চাষ করছেন। ওই বেষ্টনীতে নদের ১ হাজার ৪০০ শতাংশ জায়গা আছে।
গ্রামের বাসিন্দারা অভিযোগ করে বলেন, নদে এমনিতেই পানি কম। এর মধ্যে পুকুর কাটা হয়েছে। মুক্তার ১২ বছর ধরে এভাবে নদ দখল করে রাখলেও সরকারি লোকজন তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি।
অভিযোগের বিষয়ে মুক্তার বলেন, একসময় পুকুরের স্থানে নদ ছিল। কিন্তু এখন সরকার তা ইজারা দিয়ে দিয়েছে। তিনি এ অংশটা ইজারাদারদের কাছ থেকে কিনে নিয়েছেন। ইজারার কাগজপত্র দেখতে চাইলে মুক্তার বলেন, ঋণ তোলার জন্য কাগজপত্র ব্যাংকে জমা দেওয়া আছে। আর ফটোকপি দেখতে চাইলেও তা তিনি দেখাতে পারেননি।
আর অপর অংশে জাল দিয়ে বেষ্টনী গড়ে মাছ চাষের ব্যাপারে তিনি বলেন, ওই জায়গা তাঁর পৈতৃক সম্পত্তি ছিল। কিন্তু ভাঙনে তা নদের সঙ্গে মিলে গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলাম বলেন, অনেকে অনেকভাবে ব্রহ্মপুত্রের জায়গা দখল করেছে। নৌ মন্ত্রণালয়ের মাধ্যমে ৫৪৮ কোটি টাকা ব্যয়ে ব্রহ্মপুত্র নদে খননকাজ শুরু হয়েছে। খননকালে একসঙ্গে সব দখলদার উচ্ছেদ হয়ে যাবে।
কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সাংসদ সোহরাব উদ্দিন বলেন, ব্রহ্মপুত্র নদ আমের বাগান ও পুকুর বানিয়ে মাছ চাষ করার জন্য নয়। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য তিনি প্রশাসনকে জানাবেন।