ব্রহ্মপুত্রের ভাঙন থেকে রক্ষার দাবিতে বিক্ষোভ
কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের খেদাইমারী ও ফুলুয়ার চরকে ব্রহ্মপুত্র নদের ভাঙন থেকে রক্ষার দাবিতে গতকাল রোববার এলাকাবাসী বিক্ষোভ করেছেন।
বেলা ১২টার দিকে দুই চরের পাঁচ শতাদিক মানুষ বিক্ষোভ মিছিল নিয়ে রৌমারী উপজেলা সদরে আসেন। সেখানে এক সমাবেশে এলাকাবাসী নদীভাঙন রোধে সরকারের প্রতি দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। সমাবেশে বক্তব্য দেন বন্দবের ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান আবদুল কাদের, যাদুরচর ইউপির চেয়ারম্যান মজিবুর রহমান প্রমুখ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ১০ দিনে খেদাইমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ খেদাইমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও খেদাইমারী নিম্নমাধ্যমিক বিদ্যালয় নদে বিলীন হয়ে গেছে। এ ছাড়া খেদাইমারী, ঘুঘুমারী, সুখেরবাতি, বলদমারা ও খঞ্জনমারা গ্রাম আগেই ভেঙে গেছে। এসব গ্রামের তিন হাজার মানুষ এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। এখন নতুন করে ভাঙনের মুখে পড়েছে ঘুঘুমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর খাউরিয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়, খঞ্জনমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও খেদাইমারী হাটবাজার।