ব্রহ্মপুত্রের ভাঙন বন্ধে ব্যবস্থা নেওয়ার দাবি
ব্রহ্মপুত্র নদের ভাঙনে গত পাঁচ বছরে শেরপুর সদর উপজেলার চরাঞ্চলের চারটি ইউনিয়নের পাঁচ শতাধিক বসতভিটা বিলীন হয়ে গেছে। প্রতি বর্ষা মৌসুমে ভাঙন তীব্র আকার ধারণ করে। এ অবস্থায় সরকারের কাছে ভাঙন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন চার ইউনিয়নের পাঁচ সহস্রাধিক মানুষ।
এলাকাবাসীর অভিযোগ, ভাঙন রোধে কার্যকর কোনো উদ্যোগ না নেওয়ায় প্রতিবছর নদের গর্ভে স্থাপনা বিলীন হয়ে যাচ্ছে। এতে ভূমিহীনের সংখ্যা বেড়ে চলেছে। ক্ষতিগ্রস্ত ইউনিয়নগুলো হচ্ছে চরপক্ষীমারী, কামারেরচর, চরমোচারিয়া ও বলাইয়েরচর।
চরপক্ষীমারী ইউনিয়নের ব্যাপারীপাড়া গ্রামের মো. দিলদার জানান, এবার বর্ষা মৌসুমে ব্রহ্মপুত্র নদের ভাঙনে তাঁর দুটি ঘর সম্পূর্ণ বিলীন হয়ে গেছে।
কামারেরচর ৬ নম্বর চর গ্রামের বড়বাড়ির হালিমা বেগম বলেন, তাঁদের বাড়িতে অর্ধশত ঘর ছিল। কিন্তু ভাঙনের কারণে এই বড়বাড়ির অধিকাংশ ঘরই নদের গর্ভে চলে গেছে।
চরপক্ষীমারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জঙ্গল গ্রামের ইলিয়াছ উদ্দিন বলেন, গত পাঁচ বছরে ব্রহ্মপুত্র নদের ভাঙনে পাঁচ শতাধিক ঘরবাড়ি বিলীন হয়েছে। এর মধ্যে গত বর্ষা মৌসুমে তীব্র ভাঙনে আবারও শতাধিক ঘরবাড়ি নদের গর্ভে চলে গেছে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার ৭৫ শতাংশ মানুষ ব্রহ্মপুত্র নদের চরাঞ্চলে বাস করে। তাদের বন্যার কবল থেকে রক্ষার জন্য ১৯৭৭ সালে নদের উত্তর তীর ঘেঁষে কামারেরচর থেকে বেতমারী ঘুঘুরাকান্দি গ্রাম পর্যন্ত ১৬ কিলোমিটার দীর্ঘ ব্রহ্মপুত্র বন্যানিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করা হয়। ১৯৮৮ সালের বন্যায় বাঁধের বিভিন্ন অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরপর গত আড়াই দশকেও বাঁধটির কোনো সংস্কার হয়নি।
পাউবো শেরপুরের উপবিভাগীয় প্রকৌশলী রফিকুল ইসলাম চৌধুরী বলেন, গত জুলাইয়ে ব্রহ্মপুত্র নদসহ জেলায় দুটি পাহাড়ি নদীর ভাঙন রোধে ১৬ কোটি টাকার একটি ‘বড় প্রকল্প’ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাখিল করা হয়েছে। প্রয়োজনীয় অনুমোদন ও অর্থ বরাদ্দ পাওয়া গেলে আসন্ন শুষ্ক মৌসুমে কাজ শুরু করা হবে।
ভাগলগড় গ্রামের তামেজ আলী বলেন, দীর্ঘ ৩৫ বছর ধরে ব্রহ্মপুত্র ভাঙছে। নদের গর্ভে বিলীন হয়ে যাওয়ায় তিনি দুবার বাড়ি পরিবর্তন করেছেন। এখন বাড়ির অবশিষ্ট যে অংশটুকু আছে, তা-ও নদের প্রায় সমান্তরালে চলে এসেছে। যেকোনো মুহূর্তে এটুকুও নদ গ্রাস করে নিতে পারে। ব্রহ্মপুত্র নদ খনন করে বাঁধ নির্মাণ করে দেওয়া হলে ভাঙন রোধ করা যাবে বলে তিনি মনে করেন।
জাতীয় সংসদে সরকারদলীয় হুইপ শেরপুর সদর আসনের সাংসদ আতিউর রহমান গত ২৩ অক্টোবর প্রথম আলোকে বলেন, তিনি ব্রহ্মপুত্র নদের ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সাহায্য-সহযোগিতা করেছেন। চরাঞ্চলবাসীকে ভাঙনের হাত থেকে রক্ষার জন্য পানিসম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।