ব্রহ্মপুত্রের ভাঙন রোধে স্বেচ্ছাশ্রমে পাইলিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর কারও ভরসায় না থেকে নিজেদের জীবন, জমি, জীবিকা রক্ষায় কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চার ওয়ার্ডের মানুষ জোট বেঁধেছেন। গত বৃহস্পতিবার থেকে তাঁরা ব্রহ্মপুত্র নদের ভাঙন রোধে যাত্রাপুর নৌঘাট এলাকায় বাঁশের পাইলিং দেওয়া শুরু করেছেন।
‘আইসো বাহে জোট বাঁঁধি, নদের ভাঙ্গন রোধ করি’ স্লোগান সামনে রেখে একটি কমিটি করে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ইউনিয়নবাসী এ কাজ শুরু করে।
স্থানীয় ইউপির চেয়ারম্যান আবদুল গফুরকে সভাপতি করে গঠন করা হয় নদীভাঙন প্রতিরোধ কমিটি। গত বৃহস্পতিবার দুপুর ১২টায় ভাঙন প্রতিরোধ কাজের উদ্বোধন করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজার রহমান। এ সময় আরও বক্তব্য দেন ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আইয়ুব আলী, স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ডার সাখাওয়াত হোসেন প্রমুখ।
প্রধান অতিথির ভাষণে ইউএনও বলেন, ‘আপনাদের উৎসাহে আমি অভিভূত। আমিও সাধ্যমতো আপনাদের পাশে থাকব।’
কমিটির সদস্য ইউপি সদস্য এরশাদুল হক ও মাহাবুবার রহমান জানান, তিন বছর ধরে ব্রহ্মপুত্রের ভাঙনে যাত্রাপুর ইউনিয়নের নৌঘাট থেকে চর যাত্রাপুর, ফারাজীপাড়া, গারুহারা, চর পাবর্তীপুর হয়ে পাঁচগছি ইউনিয়নের ঘনেশ্যামপুর পর্যন্ত পাঁচ কিলোমিটার এলাকা বিলীন হয়েছে। এতে তিন হাজার পরিবার বসতভিটা ও ফসলি জমি হারিয়ে এখন নিঃস্ব। স্থানীয় মানুষ দীর্ঘদিন ধরেই এ ভাঙনরোধে পানি উন্নয়ন বোর্ডকে অনুরোধ করলেও কাজ হয়নি। তাই এই শুকনো মৌসুমে তাঁরা একজোট হয়েছেন। তাঁরা প্রাথমিকভাবে এক হাজার বাঁশ ও কিছু টাকা হাতে নিয়ে কাজে নামেন। এরপর ইউএনও, ইউপি চেয়ারম্যান ও প্রতিনিধিরা এসে পাশে দাঁড়ান।
যাত্রাপুর বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র জানান, কার্তিক-অগ্রহায়ণে নদের তীর শুকিয়ে যায়। কিন্তু বর্ষা এলেই শুরু হয় ভাঙন। এবার পাইলিং হলে হয়তো আগামী বর্ষায় ভাঙন থেকে বাঁচবে এলাকাবাসী।
ইউপি চেয়ারম্যান আবদুর গফুর বলেন, ‘এখানে বাঁশ, মাটি ও বস্তা দিয়ে পাইলিং দেওয়া হবে। আশা করি, এক মাসের মধ্যে কাজ শেষ হয়ে যাবে।’