ব্রহ্মপুত্রের ভাঙনে দুই শতাধিক ঘর বিলীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে ব্রহ্মপুত্র নদের ভাঙন ভয়াবহ রূপ নিয়েছে। এ ভাঙনে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ১৫টি গ্রামের দুই শতাধিক ঘরবাড়ি ও প্রায় ২০০ একর ফসলি জমি বিলীন হয়ে গেছে। আশ্রয়হীন হয়ে পড়েছে সহস্রাধিক পরিবার। তারা বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও সরকারি জায়গায় আশ্রয় নিয়েছে।
এ ছাড়া নতুন করে উপজেলার চন্দনস্বর উচ্চবিদ্যালয়, উত্তর খাটিয়ামারি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেসরকারি সংগঠন গণ উন্নয়ন কেন্দ্রের খাটিয়ামারি শাখা কার্যালয় ভবন ও খাটিয়ারি বাজারসহ বিস্তীর্ণ এলাকা হুমকির মুখে পড়েছে।
গত বৃহস্পতিবার ওই সব এলাকায় মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, ভাঙনের কারণে তাঁদের মধ্যে রমজান বা ঈদের আমেজ নেই। তাঁরা এখন আতঙ্কে রয়েছেন। কেউ কেউ ঘরবাড়ি সরাতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। অনেক পরিবার অর্থাভাবে ঘরবাড়ি সরিয়ে নিতে পারছে না।
ভাঙনকবলিত এলাকার অনেকে জানান, দফায় দফায় বর্ষণ ও পানি বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে নদী ভাঙছে। গত ১৫ দিনের ব্যবধানে উপজেলার উদাখালি ইউনিয়নের সিংড়িয়া, উড়িয়া ইউনিয়নের কালাসোনা, রতনপুর, উত্তর উড়িয়া, গজারিয়া ইউনিয়নের কাতলামারি, নামাপাড়া, ফজলুপুর ইউনিয়নের কাউয়াবাঁধা, নিশ্চিন্তপুর, খাটিয়ামারি, এরেন্ডাবাড়ি ইউনিয়নের দক্ষিণ সন্ন্যাসী, তিনথোপা, বুলবুলি, ঘাটুয়া, কঞ্চিপাড়া ইউনিয়নের সাঁতারকান্দি ও পূর্ব রসুলপুর গ্রামের দুই শতাধিক ঘরবাড়ি ও প্রায় ২০০ একর ফসলি জমি বিলীন হয়ে গেছে।
সিংড়িয়া গ্রামের কৃষক আবদুল জোব্বার বলেন, ‘কয়েক দিনে হামার চারট্যা ঘর, আড়াই বিগা জমি নদীত চলি গেচে। হামরা একন সোরকারি জাগাত থাকপ্যার নাগচি।’ একই গ্রামের কৃষক আবু তালেভ বলেন, ‘কয় দিন পরে ঈদ। কিনতু হামারঘরে মনোত শানতি নাই। আনোন্দ করমো কি। নদী ভাঙার ভয়ে চিনতাত আচি।’
কালাসোনা গ্রামের কৃষক আজম ব্যাপারী বলেন, ‘হামরা সোরকারের কাচে ট্যাকাপয়সা চাইনে। সোরকার যেন নদী ভাঙার হাত থাকি হামারঘরোক বাঁচায়।’
ফজলুপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জয়নাল আবেদীন বলেন, ‘আমার ইউনিয়নের কিছু এলাকা প্রতিদিন নদীগর্ভে বিলীন হচ্ছে। এভাবে ভাঙতে থাকলে অল্পদিনের মধ্যে গোটা ইউনিয়ন নিশ্চিহ্ন হয়ে যাবে। অথচ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ভাঙন রোধে কোনো পদক্ষেপ নিচ্ছে না।’
উড়িয়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আবদুল হামিদ জানান, ভাঙনের বিষয়টি পাউবোকে বারবার জানানো হচ্ছে। কিন্তু তারা পদক্ষেপ নিচ্ছে না।
গাইবান্ধা পাউবোর নির্বাহী প্রকৌশলী আবদুল আউয়াল মিয়া মুঠোফোনে প্রথম আলোকে জানান, ওই এলাকায় ভাঙনরোধে আপাতত কোনো কর্মসূচি নেই। তবে সিংড়িয়া এলাকায় নদীর তীর সংরক্ষণে বালুর বস্তা স্থাপনের কাজ চলছে। তিনি আরও জানান, গত মঙ্গলবার সিংড়িয়া এলাকায় নদীভাঙন রোধে জরুরি প্রতিরক্ষামূলক কাজ শুরু হয়েছে। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও স্থানীয় সাংসদ ফজলে রাব্বী মিয়া এই কাজের উদ্বোধন করেন। তবে সিংড়িয়া গ্রামের ব্যবসায়ী আমিনুল ইসলাম, শাহ আলম, মোনায়েম হোসেন জানান, পাউবো ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেয়নি। কেবল স্পিকার দিয়ে পাউবো লোক দেখানো নদীর তীর সংরক্ষণ কাজ শুরু করেছে। বাস্তবে দুই দিন কাজ করার পর এখন কাজ বন্ধ রয়েছে।