ব্রহ্মপুত্রের ভাঙনে বিলীন হচ্ছে ঈশ্বরগঞ্জের মরিচারচর
ব্র্রহ্মপুত্র নদের ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মরিচারচর গ্রাম। উপজেলার বটতলা বালুরঘাট হয়ে মরিচারচর যাওয়ার প্রায় এক কিলোমিটার পাকা রাস্তা, তিন শতাধিক ঘরবাড়ি ও কয়েক শ একর ফসলি জমি ইতিমধ্যে ব্রহ্মপুত্রের গর্ভে বিলীন হয়ে গেছে।মরিচারচর গ্রামে গতকাল মঙ্গলবার গিয়ে দেখা গেছে, ভাঙন আতঙ্কে অনেক পরিবার তাদের ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিচ্ছে। কেউ কেউ কাছাকাছি থাকা আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছে। বর্তমানে ভাঙনের মুখে রয়েছে উপজেলার মরিচারচর, নামাপাড়া, কাশিয়ারচর, বড়ইকান্দি, চর ঈশ্বরদিয়া থেকে শুরু করে বটতলা বালুঘাট, কুটেরচর ও লাটিয়ামারি উজান চরনওপাড়া, ভাটি চরনওপাড়া, যাদুয়ারচর এলাকার গ্রামগুলো। এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত কয়েক বছরে উপজেলার উচাখিলা ও রাজীবপুর ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের তীরবর্তী প্রায় সব এলাকাই ভাঙনের কবলে পড়েছে। বর্তমানে উচাখিলা ইউনিয়নের নামাপাড়া বড়ইকান্দি গ্রামের বিস্তীর্ণ এলাকা বিলীন হতে চলেছে এই নদের গর্ভে। ফলে ঈশ্বরগঞ্জ উপজেলার মানচিত্র থেকে হারিয়ে যেতে বসেছে আটটি গ্রাম। বর্ষায় নদে পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে স্রোতও বৃদ্ধি পাচ্ছে। আর অপরিকল্পিতভাবে নদ থেকে বালু উত্তোলনের ফলে প্রথমে তীরে ফাটল ধরে ও পরে ভেঙে যায়। গত কয়েক দিনের বৃষ্টিতে পানি বেড়ে যাওয়ায় ভাঙনও বেড়েছে।নদের ভাঙনের শিকার মরিচারচর গ্রামের মহর আলী বলেন, ‘আমার পরিবারের প্রায় ৫০ একর জমি নদের গর্ভে বিলীন হয়ে গেছে।’ টান মলামারী গ্রামের গিয়াস উদ্দিন ও দফতর গ্রামের ছফির উদ্দিন বলেন, ‘ব্রহ্মপুত্র আমাদের ঘরবাড়ি, ফসলি জমি সবকিছু কেড়ে নিয়েছে। আজ আমরা নিঃস্ব।’উচাখিলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম বলেন, এই এলাকার জনগণের দীর্ঘদিনের দাবি ছিল সরকার যেন বহ্মপুত্রের এ ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেয়। কিন্তু সরকারিভাবে কোনো ব্যবস্থা না নেওয়ায় প্রতিবছর ওই এলাকার মানুষ জমি ও বসতভিটা হারিয়ে নিঃস্ব হয়ে পড়ছে।