ব্রহ্মপুত্রের ভাঙেন ১৫ দিনে শতাধিক বাড়ি বিলীন

কুড়িগ্রাম সদরের যাত্রাপুর ইউনিয়নে ব্রহ্মপুত্র নদের ব্যাপক ভাঙনে ১৫ দিনে পাঁচটি গ্রামের শতাধিক পরিবার গৃহহীন হয়ে পড়েছে। এসব পরিবারের সদস্যরা এখন অন্যের বাড়িতে ও সড়কে আশ্রয় নিয়েছেন। এদিকে, যাত্রাপুর ও বেগমগঞ্জ ইউনিয়নের একমাত্র সংযোগ সড়কের ৫০০ ফুট নদীগর্ভে বিলীন হয়েছে।
ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসী সূত্র জানায়, বসতভিটা ও ফসলি জমি বাঁচাতে তাঁরা পানি উন্নয়ন বোর্ডে (পাউবো) আবেদন করেছেন। গত ১৫ সেপ্টেম্বর কয়েক শ মানুষ ১০ কিলোমিটার হেঁটে কুড়িগ্রাম শহরে গিয়ে মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেন। জেলা প্রশাসকের মাধ্যমে পানিসম্পদমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। কিন্তু এখন পর্যন্ত ভাঙনরোধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছেন না।
বলদিপাড়া গ্রামের সাহাদাৎ হোসেন মাস্টার জানান, যাত্রাপুরে ভয়াবহ ভাঙন শুরু হয়েছে। ইতিমধ্যে চর যাত্রাপুর, বলদিপাড়া, ফরাজীপাড়া, চর ঘনশ্যামপুর ও গারুহাড়ার অধিকাংশ এলাকা নদীগর্ভে বিলীন হয়েছে। সামান্য যা আছে তাও ভাঙছে। প্রতিদিন মানুষ বসতভিটা সরিয়ে নিচ্ছে। অনেকের মাথা গোঁজার ঠাঁই নেই। অন্যের জমিতে ঘরের চালা ফেলে রেখেছে। সেখানেই শীতের মধ্যে কোনোরকমে থাকতে হচ্ছে। তিনি আরও বলেন, ‘আমি গৃহস্থ মানুষ। এখন নিঃস্ব। সবকিছুই নদে গেছে।’ বাধ্য হয়ে গ্রামবাসী মিলে ভাঙন ঠেকাতে বাঁশের পাইলিং দিয়ে নদের একটি নালামুখ বন্ধ করার উদ্যোগ নেয়। কিন্তু অর্থাভাবে শেষ পর্যন্ত কুলিয়ে উঠতে পারেনি। বর্তমানে প্রতিদিন ১০ থেকে ১৫টি বাড়ি ভাঙনের শিকার হচ্ছে বলে জানান তিনি।
গতকাল সোমবার সকালে সরেজমিনে দেখা যায়, যাত্রাপুর, চর যাত্রাপুর, ঘনশ্যামপুর ও ফরাজীপাড়া গ্রামে পানির তীব্র স্রোতে নদের পাড় ভেঙে পড়ছে। অনেক বাড়ির ঘর ভেঙে যত্রতত্র রাখা হয়েছে। অনেক পরিবারের সদস্য ভাঙনের হুমকির মুখে থাকা বসতভিটার গাছপালা কেটে নিচ্ছেন।
ছবি তুলতে গেলে ফরাজীপাড়ার রাহেলা বেওয়া (৬০) ক্ষুব্ধ হয়ে বলেন, ‘খালি ক্যামেরা করি কী করেন। কাইয়ও হামার খোঁজ নেয় না।’ মুক্তিযোদ্ধা কয়সার আলী বসতভিটার শেষটুকু বিলীন হতে দেখে কান্নায় ভেঙে পড়েন এবং বলেন, ‘অনেক কষ্টে বাড়ি করেছিলাম। চোখের নিমেষেই শেষ। নিজের জমিজমা নাই, কোথায় ঠাঁই নেব জানি না।’ একই গ্রামের দিনমজুর জয়নাল আবেদিন (৩৫) বলেন, ‘এর আগে দুবার বসতভিটা ভেঙেছে। এখন ঘর তোলার জায়গা নাই। বাধ্য হয়্যা মালামাল সড়কে রাখছি।’ সাহেরা বানু বলেন, ‘রাতে ঘুমাবার পারি নাই। গাছ কাটছি।’ ঘনশ্যামপুরের কুদ্দুস মৌলানার বসতভিটা থেকে ঘর ভেঙে সরিয়ে নেওয়া হয়েছে। সেখানে একটি বড় নিমগাছ কেটে রাখা হয়েছে। তিনি বলেন, ‘হামরা শ্যাষ হয়া যাই, সরকার হামাগো দিকে দেখে না।’
এভাবে বদজাহান, নবরি আলী, নজুর হোসেন, রব্বানী, জব্বার আলী, আলম খান, কমুদ্দি, বখতার, ছামছুল, সবুরসহ বহু লোক তাঁদের ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন। তাঁরা দুঃখ করে বলেন, ‘খুব কষ্টে পরছি বাহে। দুই দুইবার বন্যায় ফসল গেল। এবার বাড়িভিটা গেল। কেমন করি বাঁচি। সরকারক কন নদীর পার বান্দি দিবার। আর নদীভাঙা মানুষক পুনর্বাসন করবার।’
যাত্রাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল গফুর জানান, দুই বছর ধরে ইউনিয়নে ভাঙন অব্যাহত আছে। ইতিমধ্যে তিন হাজার পরিবার ভাঙনের শিকার হয়েছে। কয়েক হাজার একর ফসলি জমি নদে বিলীন হয়ে গেছে। এ ছাড়া একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মসজিদ ও একটি বাঁধের পাঁচ কিলোমিটার ভেঙে গেছে। তিনি ক্ষোভের সঙ্গে বলেন, ‘একটা ইউনিয়নের চারটি ওয়ার্ড (১, ২, ৪ ও ৫) ব্রহ্মপুত্রের ভাঙনে বিলীন হয়ে গেছে। সরকার ব্যবস্থা নিচ্ছে না। এ অঞ্চলের ঐতিহ্যবাহী যাত্রাপুর হাট, একটি কলেজ ও দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভাঙনের মুখে। এলাকার মানুষের অবস্থা কাহিল। তাঁরা আমাকে গালাগালি করেন। কিসের চেয়ারম্যান? ভাঙনরোধে ব্যবস্থা নিতে পারে না। অসহায় অবস্থায় পড়েছি আমি।’
এ বিষয়ে কুড়িগ্রামে পাউবোর উপসহকারী প্রকৌশলী আবদুল কাদের বলেন, ‘ভাঙন এলাকার অবস্থা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। বরাদ্দ না পাওয়ায় কাজ শুরু করতে পারিনি।’
কুড়িগ্রাম জেলা প্রশাসক এ বি এম আজাদ বলেন, ‘আমি নিজে এলাকা ঘুরে এসে পাউবোকে জানিয়েছি। এলাকাটি খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে।’