ব্রহ্মপুত্রের স্রোতে সব শেষ রেণু বেওয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নদের পানিতে ভেসে গেছে ঘরবাড়ি। যা কিছু রক্ষা করতে পেরেছেন, তা নিয়েই নিরাপদ আশ্রয়ের খোঁজে রেণু বেওয়া। ছবিটি আজ রোববার সকালে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বুরুজেরপাড় থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম
নদের পানিতে ভেসে গেছে ঘরবাড়ি। যা কিছু রক্ষা করতে পেরেছেন, তা নিয়েই নিরাপদ আশ্রয়ের খোঁজে রেণু বেওয়া। ছবিটি আজ রোববার সকালে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বুরুজেরপাড় থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম

স্বামী মারা গেছেন অনেক দিন আগে। তাঁর রেখে যাওয়া ভিটেবাড়িতে একমাত্র ছেলেকে বুকে আগলে ধরে ছিলেন রেণু বেওয়া। ব্রহ্মপুত্র নদের তীব্র স্রোত সব ভেঙে, ভাসিয়ে নিয়ে যায়। কিছুই রক্ষা করতে পারেননি। এখন তিনি উদ্বাস্তু। আশ্রয় নিয়েছেন চিলমারী উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের কাচ কোল হাট মহিরুন নেছা উচ্চবিদ্যালয়ে।

আজ রোববার সকালে বুরুজের পাড় এলাকায় গিয়ে দেখা গেল, রেণু বেওয়া তাঁর ছেলে গোলবাহার ও ভাই আবদুস ছালামকে নিয়ে নৌকায় উঠেছেন। সঙ্গে প্লাস্টিকের চেয়ার, ঘটিবাটি, দু-একটা কাঁথা। যাওয়ার সময় বারবার ভেঙে যাওয়া বাড়ি-ভিটার দিকে তাকিয়ে চোখের পানি ফেলছেন। শাড়ির আঁচল দিয়ে চোখের পানি মুছছেন, আর এগিয়ে যেতে থাকে নৌকা।

এলাকার লোকজন জানান, পানি প্রবেশ করে ২০টি গ্রাম, থানাহাট বন্দর, চিলমারী উপজেলা সদর, কুড়িগ্রাম চিলমারী সংযোগ সড়ক ও উপজেলার সংযোগ সড়কগুলোতে কোথাও কোমর কোথাও হাঁটুপানি। যাঁরা সড়কে আশ্রয় নিয়েছেন, সেখানেও পানি উঠেছে। এ ছাড়া রমনা স্টেশনের পাশে রেললাইনের নিচে ইঁদুরের গর্ত দিয়ে এপাশে-ওপাশে পানি যাচ্ছে। এতে রেললাইন ধসে যোগাযোগ বন্ধ হয়ে যেতে পারে।

রেণু বেওয়া বলেন, ‘গত শুক্রবার সন্ধ্যায় হঠাৎ ব্রহ্মপুত্রে পানি ছুটি আসি বাড়ি-ভিটা ভেঙে নিয়ে যায়। কিছুই রক্ষা করতে পারি নাই। আসবাবপত্র, চাউল, গরু-বাছুর সব ভাসি গেইছে। এখন কেমন করি চলং।’ রেণু বেওয়া আরও বলেন, ‘১০ বছর আগে স্বামী মারা যায়। আমি দিনমজুরি করি ছেলেকে নিয়ে সংসার চালাই। বাড়ি দুইটি টিনের ঘর ছিল। এক রাতে সব শেষ হয়া গেল।’

রেণু বেওয়ার ভাই সুরুজ আলী। পেশায় কৃষিশ্রমিক। পাঁচ দিন আগে কাজের খোঁজে চট্টগ্রাম যান। মহাজনের সঙ্গে কাজের চুক্তি হয়। মোবাইলে ওই খবর পান, ব্রহ্মপুত্র নদের স্রোতে বাড়ি-ভিটা ভেসে গেছে। কাজ ফেলে চট্টগ্রাম থেকে গতকাল শনিবার গ্রামে এসে দেখেন বাড়ি-ভিটা নেই। বাড়ির ওপর দিয়ে স্রোত যাচ্ছে। খোঁজাখুঁজির পর পরিবারের ছেলেমেয়েদের কাচ কোল হাট মহিরুন নেছা উচ্চবিদ্যালয়ে পান।

রেণু বেওয়ার আশ্রয় মেলে উলিপুরের কাচ কোল হাট মহিরুননেছা উচ্চবিদ্যালয়ে। সেখানেই নৌকা থেকে মালপত্র নামানো হচ্ছে। ছবি: মঈনুল ইসলাম
রেণু বেওয়ার আশ্রয় মেলে উলিপুরের কাচ কোল হাট মহিরুননেছা উচ্চবিদ্যালয়ে। সেখানেই নৌকা থেকে মালপত্র নামানো হচ্ছে। ছবি: মঈনুল ইসলাম

সুরুজ আলীর ভাই আবদুস ছালাম সবকিছু হারিয়ে শোকে পাথর হয়ে গেছেন। তিনি বলেন, ‘কোনো দিন হামার (আমাদের) বাড়িত পানি ওঠে নাই। সেই বাড়িগুলা ভাঙি গেল, বাহে। কিছুই থোয় নাই। নিঃস্ব হয়া গেনু। হামরা গরিব মানুষ। কেমন করি কী করমো। কত কষ্ট করি ঘরবাড়ি কচ্ছি। এক রাইতে শেষ।’

সুরুজ আলী বলেন, ‘প্রথমে নদের পানি এ গ্রামে আঘাত হানে। গ্রামে ৫০ থেকে ৬০টি পরিবার বসবাস করে। ১০টি পরিবারের ঘরবাড়ি-ভিটা ভেঙে নিয়ে যায়। সবাই স্কুলে আশ্রয় নিয়েছি। এখন পর্যন্ত সাহায্য পাই নাই। রান্না করার উপায় নাই। হাঁড়ি-পাতিল, চাল-ডাল যা ছিল, সব ভেসে গেছে।’

এ প্রসঙ্গে রাণীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মঞ্জুরুল ইসলাম জানান, এ এলাকা দিয়ে পানি ঢুকে থানা হাটসহ চিলমারী উপজেলা পরিষদে পানিতে প্লাবিত হয়েছে। কাচ কোল হাট মহিরুন নেছা উচ্চবিদ্যালয়ে ৬০ থেকে ৭০টি পরিবার গত শুক্রবার আশ্রয় নিয়েছে। তাদের আগামীকাল (সোমবার) ত্রাণ বিতরণ করা হবে।

এ প্রসঙ্গে চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রফিকুল ইসলাম বলেন, ‘পরিবারগুলো আমার কাছে এসেছিল। তাদের সাহায্যের জন্য আবেদন করতে বলেছি। পানিবন্দী মানুষকে আগামীকাল ত্রাণ দেব।’