ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ আহত ১৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার গনাইশার গ্রামে গত বুধবার রাতে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন৷ এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷
পুলিশ ও এলাকাবাসী জানান, গনাইশার গ্রামে ব্রাজিলের সমর্থকগোষ্ঠী একটি তোরণ নির্মাণ করে৷ এ নিয়ে বুধবার রাত নয়টার দিকে আর্জেন্টিনার সমর্থকদের সঙ্গে কথা-কাটাকাটি হয়৷ একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। দুই পক্ষই টেঁটা, বল্লম ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে৷ এতে উভয় পক্ষের ১৫ জন আহত হন। টেঁটাবিদ্ধ আর্জেন্টিনার সমর্থক আশিক মোল্লা ও সিরাজ হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং মিলন চোদ্দার ও বিপ্লব চোদ্দারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়৷ একই হাসপাতালে ব্রাজিলের সমর্থক নিছার, ইতি বেগম ও বিপ্লবকেও ভর্তি করা হয়েছে।