ব্রাজিল-আর্জেন্টিনার পতাকার পাশে ম্লান সাদা-কালো পোস্টার
বিশ্বকাপ ফুটবল ঘিরে চট্টগ্রাম নগরবাসীর উন্মাদনায় অনেকটাই চাপা পড়েছে চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনের আমেজ। আগামী ১৭ জুনের নির্বাচনে আওয়ামী লীগ বা বিএনপি-সমর্থিত মেয়র পদের প্রার্থীর ফলাফল কী হবে—এর চেয়ে আলোচনায় বেশি প্রাধান্য পাচ্ছে বিশ্বকাপে প্রিয় দলের সম্ভাবনা নিয়ে। তাই বলে বসে নেই প্রার্থীরা। নিজেদের কথা বলতে ছুটে বেড়াচ্ছেন বাড়ি, অফিস, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে। সময়ও যে বেশি নেই।বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে ব্রাজিল, আর্জেন্টিনাসহ বিভিন্ন দেশের পতাকা উড়ছে। এগুলোর মধ্যে ব্রাজিল ও আর্জেন্টিনার পতাকা নানা দৈর্ঘ্যের। কোনো কোনোটি বিশাল। রঙিন এসব পতাকার পাশে রশি দিয়ে টাঙানো প্রার্থীদের ১৮/২৩ ইঞ্চির সাদা-কালো পোস্টার বেশ ম্লান হয়ে পড়েছে। প্রথমেই মানুষের চোখ যাচ্ছে ব্রাজিল ও আর্জেন্টিনার বড় বড় পতাকায়। গতকাল বুধবার দুপুরে ডিসি হিলে ২৫-৩০ জন যুবক জটলা করে দাঁড়িয়েছিলেন। অদূরেই মেয়র পদে আওয়ামী লীগ-সমর্থিত নাগরিক কমিটির প্রার্থীর নির্বাচনী কার্যালয়। ওই যুবকদের নাগরিক কমিটির প্রার্থীর সমর্থক বলে মনে হলেও আসলে তাঁরা আর্জেন্টিনার সমর্থক। আর্জেন্টিনার খেলার আগে ও ‘বিজয়ের’ পর মিছিল বের করা নিয়ে কথা বলছিলেন তাঁরা। প্রিয় দলের ৩৫ ফুট লম্বা পতাকাটা ছোট হয়ে গেল কি না, তা নিয়ে কিছুক্ষণ চলল তাঁদের আলোচনা। জুবিলি রোডের কাছে টাঙানো ব্রাজিলের পতাকাটা তাঁদের চেয়ে বড় কি না, তা নিয়েও তাঁরা যে বেশ চিন্তিত তা বোঝা গেল কথা শুনে।সুগন্ধা এলাকায় একজন ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থীর নির্বাচনী ক্যাম্পে বসেছিলেন মধ্যবয়সী এক ব্যক্তি। তাঁর নাম জাহিদ হোসেন। তিনি বেশি চিন্তিত বিকেল পাঁচটা ও রাত আটটার খেলাগুলো দেখা নিয়ে। বললেন, ‘ভোটের কাজে নিয়োজিত ব্যক্তিরা খেলা দেখার জন্য ক্যাম্পে টেলিভিশন রাখতে চাপ দিচ্ছেন। কিন্তু বিষয়টি নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন কি না, তা বুঝতে পারছি না। বিষয়টি নিয়ে রিটার্নিং কর্মকর্তার সঙ্গে কথা বলব। তা না হলে ছেলেদের ধরে রাখা কঠিন হবে।’