ব্রাজিল গোল খাওয়ায় সমর্থকের মৃত্যু
বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলের সমর্থক ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক ফরিদ উদ্দিন (৬৫)। গত শনিবার রাতে ব্রাজিল-চিলির খেলার সময় তাঁর দল গোল খাওয়ার পর উত্তেজনা সহ্য করতে না পেরে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি।
ফরিদ উদ্দিনের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমুল গ্রামে। তিনি বাকশীমুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। দুই বছর আগে তিনি অবসরে যান।
পারিবারিক ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ব্রাজিল ও চিলির খেলা দেখতে পরিবারের সদস্যদের নিয়ে টেলিভিশনের সামনে বসেন ফরিদ উদ্দিন। খেলার ৩২ মিনিটে চিলির আলেক্সিস সানচেজ ব্রাজিলের বিপক্ষে গোল করে সমতা আনেন। ওই দৃশ্য দেখে তিনি অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসকের কাছে নেওয়ার পর জানা যায়, হৃদ্রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।
বাকশীমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ফরিদ উদ্দিন একজন ফুটবল অনুরাগী ছিলেন। তিনি বরাবরই বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলের সমর্থক ছিলেন।