ব্রাজিল হতে পারে বাংলাদেশি পণ্যের বড় বাজার
ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারসেক্রেটারি মারিয়া এডিলিওরা ফনটিনেল রিজ বলেছেন, বাংলাদেশের পণ্যের বড় বাজার হতে পারে ব্রাজিল। কারণ, ব্রাজিলের অর্থনীতির আকার অনেক বড় এবং জনসংখ্যা অনেক বেশি।মারিয়া এডিলিওরা গত মঙ্গলবার ঢাকায় ব্রাজিল দূতাবাসে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন। তিন দিনের সফরে রোববার তিনি ঢাকায় আসেন। এ সফরের সময় তিনি শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা গওহর রিজভীসহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয়ে আলোচনা করেন। এ ছাড়া তিনি গত শনিবার নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলেন।মারিয়া এডিলিওরা জানান, দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয়গুলো চিহ্নিত করা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করতেই তিনি ঢাকা সফর করছেন। এক দেশ অন্য দেশ থেকে কোন কোন পণ্য আমদানি ও রপ্তানি করতে পারে, সেটা সুনির্দিষ্ট করা এ সফরের অন্যতম লক্ষ্য।মারিয়া এডিলিওরা বলেন, বাংলাদেশে উৎপাদিত ওষুধের অন্যতম বাজার হতে পারে ব্রাজিল। ইতিমধ্যেই ব্রাজিলে ওষুধ রপ্তানিতে এগিয়ে আছে ভারত। প্রায় ২০ কোটি জনসংখ্যা অধ্যুষিত ব্রাজিলের জিডিপির পরিমাণ দুই ট্রিলিয়নের বেশি। আর এ বিষয়গুলো কাজে লাগিয়ে সুফল পেতে পারে বাংলাদেশ।দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বিশেষ করে দুই দেশের ব্যবসায়ী প্রতিনিধিদলের সফর বিনিময়ের উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান।সহযোগিতার নতুন ক্ষেত্র সম্পর্কে মারিয়া বলেন, কৃষিপ্রযুক্তিতে সহযোগিতার মাধ্যমে সম্পর্ক জোরদার করার সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে ব্রাজিলের সাফল্য কাজে লাগাতে পারে বাংলাদেশ। এ প্রসঙ্গে একটি সমন্বিত চুক্তি সইয়ের ব্যাপারে সোমবার ব্রাজিলের পক্ষ থেকে বাংলাদেশকে প্রস্তাব দেওয়া হয়েছে। ঢাকায় ব্রাজিলের দূতাবাস পুনরায় চালুর যৌক্তিকতা ব্যাখ্যা করতে গিয়ে মারিয়া এডিলিওরা বলেন, ‘বাংলাদেশের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক সম্প্রসারণ এ উদ্যোগের অন্যতম কারণ। তা ছাড়া পৃথিবীজুড়ে আমরা নিজেদের অবস্থান জোরালোভাবে তুলে ধরতে চাই।’জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য পদে বাংলাদেশের সমর্থন চাওয়া হবে কি না—জানতে চাইলে মারিয়া এডিলিওরা বলেন, ‘এ ব্যাপারে আমরা ইতিমধ্যেই বাংলাদেশের সঙ্গে কথা বলেছি। পাশাপাশি জাতিসংঘে সংস্কার-প্রক্রিয়ার বিষয়ে বাংলাদেশের সঙ্গে আমাদের আলোচনা হচ্ছে।’উল্লেখ্য, গত বছরের অক্টোবরে ঢাকায় ব্রাজিলের দূতাবাস পুনরায় চালুর পর সে দেশের কোনো জ্যেষ্ঠ কর্মকর্তার এটি প্রথম সফর।