ব্রাজিলে এসে কত কী দেখি!

ব্রাজিলিয়ানদের কাছে যদি জানতে চাও তোমাদের দুঃখের ঘটনা কী?
শতকরা ৭০ ভাগই বলবে, ১৯৫০ সালের বিশ্বকাপ ফুটবলে উরুগুয়ের কাছে ১-২ গোলে হারা এবং ২০১৪-এর বিশ্বকাপে জার্মানির কাছে ৭ গোল খাওয়া। ব্রাজিলে এসে প্রথম দুই দিন ফুটবলের হদিস না পেয়ে যে পেরেশানিতে ভুগছিলাম, সেটা একেবারে দূর হয়ে গেছে মারাকানা স্টেডিয়ামে গিয়ে। যখন খেলা থাকে না, তখন দর্শনীর বিনিময়ে মাঠে যাওয়া যায়। যে পথ দিয়ে খেলোয়াড়েরা ঢোকেন, সেটিই ট্যুর-যাত্রীদের প্রবেশপথ। ঢোকার মুখ থেকে খেলার জাদুঘর। ফুটবল ছাড়াও সেখানে আছে পোপ আর রানি এলিজাবেথ যে চেয়ারে বসে খেলা দেখেছেন, সেগুলোও। রানির চেয়ার কেন দুটি, সেটা আমাদের গাইড এরিকা ঠিকমতো বলতে পারল না। তবে, অভিনয় করে দেখাল রানি হয়তো কিছুক্ষণ এটাতে আবার ওটাতে বসেছিলেন!
আমি খেলার খবর সেভাবে রাখি না। আমার কাছে ব্রাজিল মানেই পেলে, আমাদের ছোটবেলার নায়ক। কিন্তু জাদুঘরে পেলের কোনো মূর্তি না দেখে মন খারাপ হলো। ওখানে বরং সাড়ম্বরে গ্যারিঞ্চার মূর্তি এবং দেখলাম সবাই সেটারই পক্ষে। পেলের একটা ছবি আর ব্যবহৃত ফুটবল আছে। জিকোর জার্সি-টার্সিও দেখলাম। পেলেকে মনে হয় তারা সবিশেষ পাত্তা দেয় না।
মারাকানা একসময় দর্শকসংখ্যার বিচারে সবচেয়ে বড় স্টেডিয়াম ছিল। তবে, রিও অলিম্পিকের জন্য বেশ খানিকটা পরিবর্তন করাতে এখন আর সেটি নেই। বিশেষ করে আগে দর্শকেরা মাটিতে বসে, মাঠের মধ্যেই খেলা দেখতে পারত। এখন আর সেটা পারে না। ফলে দর্শক ধারণক্ষমতা অনেক কমে গেছে।
দুই দুঃখের মধ্যে কোনটি বেশি প্রবল, এটার একটা প্রমাণ মনে হয় জাদুঘরে ১৯৫০ সালের খেলার একটি ভিডিও সারাক্ষণ দেখানো। ৭ গোলের কোনো ভিডিও ফুটেজ সেখানে দেখলাম না। ট্যুরের অংশ হিসেবে খেলার মাঠেও ঢোকা যায়। আমরা সেটাও করেছি। ওখানে গিয়ে আমার মনে হলো পেলে এই মাঠেই ফুটবল খেলেছেন!
ফুটবলের মতো ব্রাজিলের আর একটি ঐতিহ্য গণিতের পৃষ্ঠপোষকতা। বিশ্ববিদ্যালয়গুলোতে গণিত বিভাগগুলো খুবই মর্যাদাবান। ২০১৪ সালে ব্রাজিলের ৩৫ বছরের গণিতবিদ আর্থার আভিলা গণিতের নোবেল খ্যাত ফিল্ডস মেডাল লাভ করেন। ১৬ বছর বয়সে আভিলা আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে স্বর্ণপদক পেয়েছিলেন। সরকার ও বেসরকারি সংস্থাগুলো ২০১৭ ও ২০১৮ সাল জুড়ে গণিতের নানা আয়োজনে সহায়তা দিচ্ছে। আইওমওর পর ২০১৮ সালে রিওতে হবে আন্তর্জাতিক গণিত কংগ্রেস যেখানে ফিল্ডস মেডাল দেওয়া হয়। এখন বিভিন্ন দেশ থেকে ব্রাজিলে গণিতে গবেষণা করার জন্য গবেষকেরা হাজির হচ্ছে।
তবে, শহর ঘুরে আমার মনে হচ্ছে ‘চিকা মারা’তেও ব্রাজিলের ঐতিহ্য কম নয়। আমাদের গাইড জানাল, এটি ‘আইনসিদ্ধ’ না হলেও দেয়ালে লেখালেখিতে তারা খুব একটা কম যায় না। এমনকি গুয়ানাবেরা উপসাগরের মুখে, একটি গুদামের দেয়ালে বিশাল এক গ্রাফিতি আঁকা হয়েছে সরকারি পৃষ্ঠপোষকতায়। এটি নাকি বিশ্বের দীর্ঘতম গ্রাফিতি! বিভিন্ন রকমের পাঁচটি মানুষের মুখ আছে সেখানে।

ফুটবল আর গণিতের ভালোবাসার এই দেশে বৃহস্পতিবার সকাল থেকে আমি আর মাহবুব শুরু করেছি উত্তরপত্র সমন্বয়ের কাজ। আমাদের শুরুটা ছিল ৩ নম্বর অর্থাৎ এবারের সবচেয়ে কঠিন সমস্যা দিয়ে। দিন শেষে আমরা চারটে সমস্যার সমন্বয় করেছি। অন্যদিকে আমাদের শিক্ষার্থীরা দল বেঁধে ঘুরে এসেছে। ফিরে এসে তারা ব্যস্ত হয়ে পড়ে নতুন নতুন বন্ধু বানাতে আর পুরোনো বন্ধুদের খুঁজে বের করতে।
শুক্রবার সব দেশের খাতা দেখা শেষ হলে রাত ১০টার দিকে (বাংলাদেশ সময় শনিবার সকাল সাতটার দিকে) মেডেলের সিদ্ধান্ত চূড়ান্ত হবে।
ব্রাজিলের রিও ডি জেনিরোতে চলমান ৫৮তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশ নিচ্ছে বাংলাদেশের ছয় খুদে গণিতবিদ। ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় প্রথম আলোর ব্যবস্থাপনায় দেশজুড়ে অনুষ্ঠিত গণিত উৎসবের মধ্য থেকে তাদের নির্বাচিত করেছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি।
