ব্রাজিলে গুলিতে বাংলাদেশি নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাজিলে জাহেদ আহমদ নামের এক বাংলাদেশি যুবক খুন হয়েছেন। ব্রাজিলের পারানা রাজ্যের রাজধানী সিয়া নর্থের কুজেরীয় গ্রামে গত শনিবার রাতে তাঁকে গুলি করে হত্যা করা হয়। তাঁর বাড়ি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুড়িকান্দি গ্রামে।
জাহেদের পারিবারিক সূত্রে জানা গেছে, বছর দেড়েক আগে প্রায় ১০ লাখ টাকা খরচ করে ব্রাজিল যান জাহেদ। সেখানে তিনি কুজেরীয় গ্রামের একটি খামারে কাজ করতেন। শনিবার সন্ধ্যায় জাহেদ বাসা থেকে বেরিয়ে আর ফেরেননি। রোববার একই গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে তাঁর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে স্থানীয় হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। মঙ্গলবার ব্রাজিলে কর্মরত বড়লেখা উপজেলার বিহাইডর গ্রামের ছাদেক আহমদ হাসপাতাল থেকে জাহেদের লাশ গ্রহণ করেন এবং সে দিনই প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে পারানা রাজ্যের লনড্রিনায় জানাজা শেষে তাঁর মরদেহ দাফন করা হয়।