ব্রাজিলে শিগগিরই বাংলাদেশ দূতাবাস খুলবে: রাষ্ট্রপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বলেছেন, বাংলাদেশ শিগগিরই ব্রাজিলে আবার দূতাবাস খুলবে। এর মাধ্যমে দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে।গতকাল বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ব্রাজিলের রাষ্ট্রদূত রিকার্ডো এল ভিয়ানা ডি কারভালহো বিদায়ী সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। খবর বাসসের।জিল্লুর রহমান বলেন, ব্রাজিলের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠ দ্বিপক্ষীয় সম্পর্ক রয়েছে। এ দেশের বহু মানুষ ব্রাজিলের ফুটবল-সমর্থক এবং তারা ব্রাজিল ফুটবল তারকা পেলের ভক্ত।বিদায়ী রাষ্ট্রদূত বিগত দুই বছরে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশ বর্তমানে জাহাজ তৈরি করছে। তিনি বলেন, আগামী জুনে ব্রাজিলের অন্যতম প্রধান শহর রিওডি জেনেরিওতে বিশ্ব বাণিজ্য সম্মেলন হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি ব্যবসায়ী দল ওই সম্মেলনে অংশ নেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।