ব্রাজিলের গম কেউ ফেরত দিতে চাইলে নিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাজিল থেকে আমদানি করা গম কাউকে জোর করে না দেওয়ার যে পর্যবেক্ষণ হাইকোর্ট দিয়েছিলেন, দেশের সর্বোচ্চ আদালত তা বহাল রেখেছেন। বিতরণ করা গম কেউ ফেরত দিতে চাইলে তা-ও সরকারকে নিতে হবে।
হাইকোর্টের পর্যবেক্ষণের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়ে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন। আদালতে রিট আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী জয়নুল আবেদীন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
ব্রাজিল থেকে আমদানি করা ‘নিম্নমানের’ গম খাওয়ার উপযোগী কি না, তা দেশের মাননিয়ন্ত্রণ সংস্থা বিএসটিআই ও কৃষি গবেষণা ইনস্টিটিউটকে (বারি) দিয়ে পরীক্ষা করানোর নির্দেশনা চেয়ে গত ২৯ জুন হাইকোর্টে রিট আবেদন করেন আইনজীবী পাভেল মিয়া। ৮ জুলাই ওই রিট আবেদন নিষ্পত্তি করে হাইকোর্ট আদেশে বলেন, কোনো পরীক্ষাগারের প্রতিবেদনে বলা হয়নি যে আমদানি করা গম খাওয়ার অনুপযোগী। তবে হাইকোর্ট পর্যবেক্ষণে বলেন, গমে জীবন্ত কীট ও পোকার উপস্থিতি পাওয়া গেছে। তাই ইতিমধ্যে বিতরণ করা গম কেউ ফেরত দিতে চাইলে সরকারকে তা নিতে হবে। আর বিতরণ না হওয়া গম যদি কেউ নিতে না চান, তবে তাঁকে জোর করে দেওয়া যাবে না।
৯ জুলাই হাইকোর্টের ওই পর্যবেক্ষণের বিরুদ্ধে চেম্বার আদালতে যায় রাষ্ট্রপক্ষ। চেম্বার আদালত হাইকোর্টের পর্যবেক্ষণ ২৬ জুলাই পর্যন্ত স্থগিত করে রাষ্ট্রপক্ষের আবেদন শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। আপিল বিভাগের নিয়মিত বেঞ্চ আরও দুই সপ্তাহ হাইকোর্টের পর্যবেক্ষণ স্থগিত করেন। একই সঙ্গে আদালত বলেন, অবশিষ্ট গম এই সময়ের মধ্যে বিতরণ করা যাবে না।
এরপর গতকাল আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন।