ব্রাজিল থেকে আমদানি করা গমের মধ্যে যে অংশ ইতিমধ্যে বিতরণ করা হয়েছে, তা থেকে কেউ ফেরত দিতে চাইলে সরকারকে ফেরত নিতে হবে। আর এখনো বিতরণ না হওয়া গম যদি কেউ নিতে না চায়, তবে তাকে জোর করে দেওয়া যাবে না।
এ পর্যবেক্ষণসহ গতকাল বুধবার গম-সংক্রান্ত রিট আবেদন নিষ্পত্তি করেছেন হাইকোর্ট। বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রিট আবেদনের নিষ্পত্তি করেন।
আদেশে আদালত বলেন, ব্রাজিল থেকে আমদানি করা গম গবেষণাগারে পরীক্ষার যতগুলো প্রতিবেদন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আদালতকে দিয়েছেন, তার একটিতেও বলা হয়নি এ গম খাওয়ার অনুপযোগী। যদিও এ গমের বিভিন্ন নমুনা পরীক্ষা করে এতে জীবন্ত পোকা বা কীটের উপস্থিতি পাওয়া গেছে। তারপরও আমদানি করা এ গমের একটি বিশাল অংশ ইতিমধ্যে সারা দেশে বিতরণ করা হয়েছে এবং এ গম খেয়ে কেউ অসুস্থ হয়ে গেছেন এমন কোনো ঘটনা জানা যায়নি।
আদালত বলেন, এ জন্য বিতরণ করা গমের মধ্য থেকে কেউ যদি ফেরত দিতে চায়, তবে সরকারকে তা ফেরত নিতে হবে। আর কেউ যদি এ গম নিতে না চায়, তবে তাকে বাধ্য করা যাবে না। তবে ওই গম যে ব্রাজিল থেকে আমদানি করা গমের অংশ, এটা নিশ্চিত হতে হবে।
গত বছরের শেষ দিকে ব্রাজিল থেকে চারটি ধাপে মোট ২ লাখ ৫ হাজার ১২৮ মেট্রিক টন গম আমদানি করা হয়। এর মধ্যে ১ লাখ ৭৪ হাজার ৯২৬ টন বিতরণ করা হয়েছে। সারা দেশে পুলিশ, বিজিবি, আনসার, কারাগার, বিভিন্ন ডিলার ও আটা-ময়দা কল, টিআর (টেস্ট রিলিফ), কাবিখাসহ (কাজের বিনিময়ে খাদ্য) বিভিন্ন কর্মসূচিতে ওই গম বিতরণ করেছে খাদ্য অধিদপ্তর।
বিভিন্ন পত্রিকায় এ গম নিয়ে করা প্রতিবেদন প্রসঙ্গে আদালত আদেশে বলেন, বেশির ভাগ সংবাদপত্র প্রধানত তাদের নিজস্ব অনুসন্ধানের ওপর ভিত্তি করে এ গমের বিষয়ে প্রতিবেদন ছেপেছে।
ব্রাজিল থেকে নিম্নমানের গম আমদানিতে দুর্নীতির অভিযোগ দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে খতিয়ে দেখার নির্দেশনা চেয়ে গত ২৯ জুন জনস্বার্থে এ রিট আবেদন করেন আইনজীবী পাভেল মিয়া। এ ছাড়া ওই গম মানুষের খাওয়ার উপযোগী কি না, তা দেশের মাননিয়ন্ত্রণ সংস্থা (বিএসটিআই) ও কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) মাধ্যমে পরীক্ষা করাতে আদালতের কাছে নির্দেশনা চাওয়া হয়।
ওই গম মানুষের খাওয়ার উপযোগী কি না, তা জানতে চেয়ে ৩০ জুন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালককে ৭২ ঘণ্টার মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত। ওই আদেশ অনুসারে খাদ্য অধিদপ্তর ৫ জুলাই আদালতে কমপ্লায়েন্স প্রতিবেদন দাখিল করে। ওই দিন ও গতকাল অধিদপ্তরের এই প্রতিবেদনের ওপর শুনানি হয়। রিট আবেদনকারীপক্ষে শুনানি করেন এম মাহবুব উদ্দিন খোকন, তাঁর সঙ্গে ছিলেন সানজীদ সিদ্দিকী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।
শুনানিতে মাহবুব উদ্দিন খোকন বলেন, খাদ্য অধিদপ্তরের প্রতিবেদনেই বলা হয়েছে, গম আমদানির জন্য যে চুক্তি করা হয়েছিল, সে অনুসারে গম আসেনি। এ সময় আদালত বলেন, ‘আমাদের এমন একটি গবেষণাগারে পরীক্ষার প্রতিবেদন দেখান, যাতে বলা হয়েছে এ গম খাওয়ার উপযোগী নয়। চুক্তিতে কী ছিল, এটা আমাদের দেখার বিষয় নয়।’
মাহবুব উদ্দিন বলেন, গবেষণাগারের প্রতিবেদনেই বলা হয়েছে নমুনার গমে জীবন্ত কীট বা পোকা রয়েছে। নমুনার গম যথাযথভাবে কীট নিয়ন্ত্রণের মাধ্যমে বিতরণ করা যেতে পারে। অথচ খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক গবেষণাগারে পরীক্ষা ছাড়াই বলে দিলেন, ওই গম খাওয়ার উপযোগী। এ সময় আদালত বলেন, এমন কোনো প্রতিবেদন আছে কি না, যাতে দেখা গেছে ওই গম খাওয়ার ফলে জনস্বাস্থ্যের ওপর বিরূপ প্রতিক্রিয়া পড়েছে।
শুনানি শেষে তাপস কুমার বিশ্বাস সাংবাদিকদের বলেন, কোনো গবেষণাগারের প্রতিবেদনে বলা হয়নি এ গম খাওয়ার উপযোগী নয়। অর্থাৎ ওই গম খাওয়ার উপযোগী।
আরও পড়ুন