ব্রাজিল থেকে আমদানি করা গম জোর করে বিতরণ না করার পর্যবেক্ষণ দিয়ে হাইকোর্টের আদেশ আরও দুই সপ্তাহের জন্য স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। গতকাল রোববার আপিল বিভাগ বলেছেন, বিতরণ না হওয়া অবশিষ্ট গম দুই সপ্তাহের মধ্যে বিতরণ করা যাবে না।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ কাল এ আদেশ দেন। বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনটি গতকাল আপিল বিভাগের কার্যতালিকায় আসে। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী এম মাহবুব উদ্দিন খোকন।
আদেশের পর মাহবুবে আলম নিজ কার্যালয়ে সাংবাদিকদের বলেন, ‘ব্রাজিল থেকে আমদানি করা গম নিয়ে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন, তার কপি এখনো আমরা পাইনি। আমরা আদালতকে বলেছি, রায়ের কপি পেলে নিয়মিত আপিল করব। আদালত দুই সপ্তাহের জন্য হাইকোর্টের আদেশ স্থগিত করে আমাদের নিয়মিত আপিল করতে বলেছেন।’
অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আদালত আমাকে বলেন, এখনো যে গম বিতরণ করা হয়নি, তা যেন এই সময়ের মধ্যে আর বিতরণ করা না হয়। আমি আদালতের নির্দেশ সরকারকে জানিয়ে দেব।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মন্ত্রণালয় থেকে শুনেছি, এখনো ২০-২২ হাজার টন গম বিতরণ বাকি আছে।’
গত বছরের শেষ দিকে ব্রাজিল থেকে চারটি ধাপে মোট ২ লাখ ৫ হাজার ১২৮ টন গম আমদানি করে খাদ্য অধিদপ্তর। তাদের মজুত বিবরণী অনুসারে, ২ জুলাই পর্যন্ত ওই গমের মধ্যে ১ লাখ ৭৪ হাজার ৯২৬ টন বিতরণ করা হয়েছে।
ব্রাজিল থেকে নিম্নমানের গম আমদানিতে দুর্নীতির অভিযোগ দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে তদন্তের নির্দেশনা চেয়ে গত ২৯ জুন হাইকোর্টে রিট আবেদন করেন আইনজীবী পাভেল মিয়া। একই সঙ্গে ওই গম খাওয়ার উপযোগী কি না, তা দেশের মান নিয়ন্ত্রণ সংস্থা বিএসটিআই ও কৃষি গবেষণা ইনস্টিটিউটকে (বারি) দিয়ে পরীক্ষা করানোর নির্দেশনা চাওয়া হয়। তখন হাইকোর্ট খাদ্য অধিদপ্তরের মহাপরিচালককে দেওয়া এক আদেশে বলেন, আমদানি করা গম মানুষের খাওয়ার উপযোগী কি না, তা ৭২ ঘণ্টার মধ্যে আদালতকে জানাতে হবে।
পরে আদালতের নির্দেশনা অনুসারে প্রতিবেদন দেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক ফয়েজ আহমেদ। এতে বলা হয়, ‘...বিভিন্ন পরীক্ষাগার হতে প্রাপ্ত সকল রিপোর্ট মোতাবেক ২০১৪-১৫ অথর্বছরে ব্রাজিল হতে আমদানি করা আলোচ্য গম চুক্তিপত্রে উল্লেখিত বিনির্দেশ মোতাবেক গ্রহণীয় সীমার মধ্যে থাকায় মানুষের খাওয়ার উপযোগী মর্মে খাদ্য অধিদপ্তর হতে প্রত্যয়ন করা হলো।’
আদালতে দাখিল করা খাদ্য অধিদপ্তরের প্রতিবেদনে আরও বলা হয়, গণমাধ্যমে আমদানি করা গমের মান নিয়ে প্রশ্ন ওঠায় বিভিন্ন জেলার খাদ্যগুদাম থেকে গমের ৫৭টি নমুনা সংগ্রহ করে অধিদপ্তরের পরীক্ষাগারে পরীক্ষা করা হয়। পরীক্ষার ফলাফলে এ গম চুক্তিতে উল্লেখিত গ্রহণযোগ্য সীমার মধ্যে পাওয়া যায়। এর আগে ব্রাজিল থেকে প্রথম দুটি ধাপে আসা গমের প্রাথমিক নমুনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে পাঠানো হয়। এতে দেখা যায়, এ গমে চুক্তিতে উল্লেখিত মাত্রার চেয়ে বেশি পরিমাণে আমিষ রয়েছে। আবার বিভিন্ন জেলার খাদ্যগুদাম থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে সংগ্রহ করে ১৪টি নমুনা বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) পরীক্ষাগারে পাঠানো হয়। তাদের প্রতিবেদনে ওই গমের মান ভালো বলে মনে হয়।
তবে আমদানি করা গমের বিভিন্ন নমুনায় জীবন্ত কীট বা পোকা থাকার কথা হাইকোর্টে পাঠানো খাদ্য অধিদপ্তরের গবেষণাগারের প্রতিবেদনেই বলা হয়েছে। এতে দেখা যায়, জয়পুরহাট, সিরাজগঞ্জ, বগুড়া, চুয়াডাঙ্গা, শেরপুর, মাগুরা, মাদারীপুর, খুলনা, কুষ্টিয়া, ফরিদপুর, শরীয়তপুর, যশোর, মেহেরপুর, বাগেরহাট, নেত্রকোনা ও পিরোজপুর জেলা থেকে সংগ্রহ করা গমের নমুনায় জীবন্ত কীট বা পোকার উপস্থিতি পাওয়া গেছে। একই সঙ্গে বিসিএসআইআরের খাদ্যবিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউটের পরীক্ষাগারের প্রতিবেদনে বলা হয়, গমের সব নমুনায় বিনির্দেশ অপেক্ষা বেশিসংখ্যক ভাঙা ও নষ্ট দানার গম পাওয়া গেছে। যেমন, চুক্তি অনুসারে ৮ শতাংশের বেশি কুঁচকানো ও ভাঙা দানা থাকলে তা প্রত্যাখ্যান করার কথা। অথচ ১৪টি জেলার গমের নমুনা পরীক্ষা করে সবগুলো প্রত্যাখ্যান সীমার ওপরে ছিল। যেমন, কুড়িগ্রামের নমুনায় ১১ দশমিক ৬৭ শতাংশ, নড়াইলের নমুনায় ১৬ দশমিক ৭৪ শতাংশ, দিনাজপুরের নমুনায় ১২ দশমিক ২৪ শতাংশ, খাগড়াছড়ির নমুনায় ১৯ দশমিক ২১ শতাংশ, জয়পুরহাটের নমুনায় ২১ দশমিক ১১ শতাংশ ভাঙা ও কুঁচকানো দানা আছে।
৮ জুলাই অবশ্য ওই রিট আবেদন নিষ্পত্তি করে হাইকোর্ট বলেন, কোনো পরীক্ষাগারের প্রতিবেদনে বলা হয়নি যে আমদানি করা গম খাওয়ার উপযুক্ত নয়। তবে আদালত পর্যবেক্ষণে বলেন, যেহেতু ওই গমে জীবন্ত কীট ও পোকার উপস্থিতি পাওয়া গেছে, সে জন্য গমের যে অংশ ইতিমধ্যে বিতরণ করা হয়েছে, তা থেকে কেউ ফেরত দিতে চাইলে সরকারকে ফেরত নিতে হবে। আর এখনো বিতরণ না হওয়া গম যদি কেউ নিতে না চায়, তাহলে জোর করে দেওয়া যাবে না।
৯ জুলাই হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে যায় রাষ্ট্রপক্ষ। তখন চেম্বার আদালত হাইকোর্টের পর্যবেক্ষণ ২৬ জুলাই পর্যন্ত স্থগিত করে রাষ্ট্রপক্ষের আবেদন শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। সর্বশেষ আরও দুই সপ্তাহ স্থগিতাদেশ বাড়ানো হলো।