ব্রাজিলের গম নিয়ে হাইকোর্টের পর্যবেক্ষণ স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাজিল থেকে আমদানি করা গম জোর করে না দেওয়ার পর্যবেক্ষণ দিয়ে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন, তা ২৬ জুলাই পর্যন্ত স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত।
রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি শেষে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন। একই সঙ্গে তিনি আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রিট আবেদনকারীর পক্ষে ছিলেন এম মাহবুব উদ্দিন খোকন।
শুনানি শেষে মাহবুবে আলম নিজ কার্যালয়ে সাংবাদিকদের বলেন, ব্রাজিলের গম নিয়ে হাইকোর্টের রায় সাংঘর্ষিক ও বিপরীতমুখী। একই সঙ্গে আদালত রিট আবেদনের কোনো সারবত্তা না পেয়ে তা নিষ্পত্তি করেছেন, আবার গম নিতে বাধ্য করা যাবে না বলে পর্যবেক্ষণ দিয়েছেন।
অ্যাটর্নি জেনারেল আরও বলেন, মানুষের কাছে সরকার ও একটি মন্ত্রণালয়ের ভাবমূর্তি নষ্ট করার জন্য রাজনৈতিক উদ্দেশে এই রিট আবেদনটি করা হয়েছে।
ব্রাজিল থেকে নিম্নমানের গম আমদানিতে দুর্নীতির অভিযোগ দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে খতিয়ে দেখার নির্দেশনা চেয়ে গত ২৯ জুন জনস্বার্থে এ রিট আবেদনটি করা হয়। আবেদনের পক্ষে হাইকোর্টে শুনানি করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও আইনজীবী এম মাহবুব উদ্দিন খোকন।
গত বুধবার রিট আবেদনটি নিষ্পত্তি করে হাইকোর্ট আদেশে বলেন, ব্রাজিল থেকে আমদানি করা গমের মধ্যে যে অংশ ইতিমধ্যে বিতরণ করা হয়েছে, তা থেকে কেউ ফেরত দিতে চাইলে সরকারকে ফেরত নিতে হবে। আর এখনো বিতরণ না হওয়া গম যদি কেউ নিতে না চায়, তবে তাকে জোর করে দেওয়া যাবে না। তবে ওই গম যে ব্রাজিল থেকে আমদানি করা গমের অংশ, এটা নিশ্চিত হতে হবে।
আদেশে আদালত আরও বলেন, ব্রাজিল থেকে আমদানি করা গম গবেষণাগারে পরীক্ষার যতগুলো প্রতিবেদন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আদালতকে দিয়েছেন, তার একটিতেও বলা হয়নি এ গম খাওয়ার অনুপযোগী। যদিও এ গমের বিভিন্ন নমুনা পরীক্ষা করে এতে জীবন্ত পোকা বা কীটের উপস্থিতি পাওয়া গেছে। তারপরও আমদানি করা এ গমের একটি বিশাল অংশ ইতিমধ্যে সারা দেশে বিতরণ করা হয়েছে এবং এ গম খেয়ে কেউ অসুস্থ হয়ে গেছেন এমন কোনো ঘটনা জানা যায়নি।