ব্রাজিলের গম সংক্রান্ত হাইকোর্টের রায় ২৬ জুলাই পর্যন্ত স্থগিত

ব্রাজিল থেকে আমদানি করা গম নিয়ে হাইকোর্টের আদেশ ২৬ জুলাই পর্যন্ত স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। রাষ্ট্রপক্ষের করা একটি আবেদনের শুনানি শেষে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আজ বৃহস্পতিবার এই স্থগিতাদেশ দেন এবং পূর্ণাঙ্গ শুনানির জন্য আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠান।
চেম্বার আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রিট আবেদনকারীর পক্ষে ছিলেন মাহবুব উদ্দিন খোকন।
ব্রাজিল থেকে নিম্নমানের গম আমদানিতে দুর্নীতির অভিযোগ দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে খতিয়ে দেখার নির্দেশনা চেয়ে গত ২৯ জুন জনস্বার্থে রিট আবেদন করেন আইনজীবী পাভেল মিয়া। গতকাল বুধবার আদালতের পর্যবেক্ষণসহ রিট আবেদনটি নিষ্পত্তি করেন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ। আদেশে বলা হয় ব্রাজিল থেকে আমদানি করা গমের মধ্যে যে অংশ ইতিমধ্যে বিতরণ করা হয়েছে, তা থেকে কেউ ফেরত দিতে চাইলে সরকারকে ফেরত নিতে হবে। আর এখনো বিতরণ না হওয়া গম কাউকে জোর করে দেওয়া যাবে না।
রাষ্ট্রপক্ষ এই আদেশ স্থগিত চেয়ে আজ আপিল আবেদন করেন।
আরও জানতে পড়ুন:
আদালতের পর্যবেক্ষণ দিয়ে গম-সংক্রান্ত রিটের নিষ্পত্তি