ব্রাজিল থেকে আমদানি করা প্রায় ৪০০ কোটি টাকা মূল্যের গম ‘খাওয়ার উপযোগী’ উল্লেখ করে গতকাল রোববার হাইকোর্টে প্রতিবেদন দিয়েছে খাদ্য অধিদপ্তর। তবে বাদীপক্ষ বলছে, এ প্রতিবেদন অসম্পূর্ণ।
বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে প্রতিবেদনটি উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ। এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য ৮ জুলাই দিন ধার্য করেছেন আদালত।
ব্রাজিল থেকে আমদানি করা গম মানুষের খাওয়ার উপযোগী কি না, তা জানতে চেয়ে গত ৩০ জুন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালককে ৭২ ঘণ্টার মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত। ওই আদেশ অনুসারে খাদ্য অধিদপ্তর আদালতে কমপ্লায়েন্স প্রতিবেদন দাখিল করে। অধিদপ্তরের মহাপরিচালক ফয়েজ আহমদ এবং সংগ্রহ বিভাগের পরিচালক ইলাহী দাদ খান স্বাক্ষরিত এই প্রতিবেদন আদালতে উপস্থাপন করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস। রিট আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী এম মাহবুব উদ্দিন খোকন। তাঁকে সহযোগিতা করেন সানজীদ সিদ্দিকী।
খাদ্য অধিদপ্তরের এ প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের শেষ দিকে চারটি ধাপে ব্রাজিল থেকে ২ লাখ ৫ হাজার ১২৮ মেট্রিক টন গম আমদানি করা হয়। এর মধ্যে ১ লাখ ৭৪ হাজার ৯২৬ মেট্রিক টন বিতরণ করা হয়েছে। গণমাধ্যমে এ গমের মান নিয়ে প্রশ্ন ওঠায় বিভিন্ন জেলার খাদ্যগুদামে বিতরণ করা সেই গমের ৫৭টি নমুনা সংগ্রহ করে অধিদপ্তরের পরীক্ষাগারে পরীক্ষা করা হয়। পরীক্ষার ফলাফলে দেখা যায়, এ গম চুক্তিতে উল্লেখিত শর্তের গ্রহণযোগ্য সীমার মধ্যে ছিল।
প্রতিবেদনে আরও বলা হয়, এর আগে ব্রাজিল থেকে প্রথম দুই ধাপে আসা গমের প্রাথমিক নমুনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে পাঠানো হয়। এতে দেখা যায়, চুক্তিতে উল্লিখিত মাত্রার চেয়ে বেশি পরিমাণে আমিষ রয়েছে এই গমে। আবার বিভিন্ন জেলার খাদ্যগুদাম থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে সংগ্রহ করে ১৪টি নমুনা বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) পরীক্ষাগারে পাঠানো হয়। তাদের প্রতিবেদনে ওই গমের মান ভালো বলে মনে হয়।
এ অবস্থায় খাদ্য অধিদপ্তর বলেছে, ‘...বিভিন্ন পরীক্ষাগার হতে প্রাপ্ত সকল রিপোর্ট মোতাবেক ২০১৪-১৫ অর্থবছরে ব্রাজিল হতে আমদানি করা আলোচ্য গম চুক্তিপত্রে উল্লেখিত বিনির্দেশ মোতাবেক গ্রহণীয় সীমার মধ্যে থাকায় মানুষের খাওয়ার উপযোগী মর্মে খাদ্য অধিদপ্তর হতে প্রত্যয়ন করা হলো।’
শুনানি শেষে মাহবুব উদ্দিন খোকন সাংবাদিকদের বলেন, ‘এ প্রতিবেদন অসম্পূর্ণ, দায়সারা গোছের। খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক এই গম খাওয়ার উপযোগী বলে সার্টিফিকেট দিয়েছেন। কিন্তু তাঁর বক্তব্যের কোনো ভিত্তি নেই। কোনো পরীক্ষাগারের প্রতিবেদনে একে খাওয়ার উপযোগী বলা হয়নি। বরং বিভিন্ন সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, এ গম নিম্নমানের, দানা ভাঙা এবং ওজন কম। কোনো বিশেষজ্ঞ বলেননি যে এ গম খাওয়ার উপযোগী।’
মাহবুব উদ্দিন খোকন আরও বলেন, ‘প্রাথমিকভাবে আমাদের মনে হয়েছে, অধিদপ্তরের বক্তব্য সঠিক নয়। এ বিষয়ে আমরা বিস্তারিত শুনানির জন্য সময় চেয়েছি। তাই আদালত ৮ জুলাই দিন রেখেছেন।’
ব্রাজিল থেকে নিম্নমানের গম আমদানিতে দুর্নীতির অভিযোগ দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে খতিয়ে দেখার নির্দেশনা চেয়ে গত ২৯ জুন জনস্বার্থে রিট আবেদনটি করেন আইনজীবী পাভেল মিয়া। এ গম নিয়ে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনও আবেদনের সঙ্গে যুক্ত করা হয়। এতে ওই গম মানুষের খাওয়ার উপযোগী কি না, তা দেশের মাননিয়ন্ত্রণ সংস্থা (বিএসটিআই) ও কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) মাধ্যমে পরীক্ষা করাতে আদালতের কাছে নির্দেশনা চাওয়া হয়।