ব্রাজিলের সঙ্গে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠায় বাংলাদেশ সংকল্পবদ্ধ: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় আবার আবাসিক মিশন চালু করায় ব্রাজিলকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, বাংলাদেশ লাতিন আমেরিকার এই দেশটির সঙ্গে সম্পর্ক নতুন করে গড়ে তোলায় সংকল্পবদ্ধ। খবর বাসসের। বাংলাদেশে ব্রাজিলের নবনিযুক্ত রাষ্ট্রদূত ওয়ানজা ক্যামপোস ডা নোবরেগা গতকাল বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর তেজগাঁওয়ের কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। দুই দেশের রাজধানীতে আবাসিক মিশন চালুর পর ব্রাজিলের রাষ্ট্রদূত এই প্রথম প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে শেখ হাসিনা বাংলাদেশে অবস্থানকালে ওয়ানজার সুখী ও সফল কর্মজীবন কামনা করেন। তিনি নতুন দূতকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। ভবিষ্যতে দুই দেশের মধ্যকার বাণিজ্য সম্পর্ক জোরদার হবে—এমন আশাবাদ ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, শুল্কমুক্ত সুবিধার সঙ্গে বাংলাদেশের পাট, তৈরি পোশাক ও ওষুধসহ প্রধান প্রধান রপ্তানি পণ্য ব্রাজিলে নতুন বাজার সুবিধা খুঁজে পাবে। বিভিন্ন বহুমুখী ফোরামে ব্রাজিলের ভূমিকা বৃদ্ধির উল্লেখ করে প্রধানমন্ত্রী ২০১৫ সালে ‘হিউম্যান রাইটস কাউন্সিল’ এবং ২০১৬-১৭ কার্যকালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদে বাংলাদেশের প্রার্থিতার প্রতি ব্রাজিলের সমর্থন কামনা করেন।