ব্রাদার্স মাঠে ক্রিকেট উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছোটদের ক্রিকেট টুর্নামেন্টে ম্যাচ শুরুর আগে জাতীয় সংগীত গাইছে দুই দল। গতকাল বিকেলে গোপীবাগে ব্রাদার্স ক্লাব মাঠে l ছবি: প্রথম আলো
ছোটদের ক্রিকেট টুর্নামেন্টে ম্যাচ শুরুর আগে জাতীয় সংগীত গাইছে দুই দল। গতকাল বিকেলে গোপীবাগে ব্রাদার্স ক্লাব মাঠে l ছবি: প্রথম আলো

এ যেন চার-ছক্কার মহোৎসব! ছোটদের ক্রিকেটে বোলার বল করছে, ব্যাটসম্যান সপাটে ব্যাট হাঁকিয়ে বল পাঠাচ্ছে মাঠের বাইরে। কখনো কখনো বল উড়ে যায় গোপীবাগের রাস্তায়। গতকাল বিকেলে গোপীবাগ ব্রাদার্স মাঠে এ কাজটা বেশি করছিল রাকিব নামের এক নবীন। চার-ছয়ের পসরা সাজিয়ে সে একাই ৫২ বলে করল ১১৮ রান। রাকিবের দল পল্লীমা সংসদ ক্রিকেট একাডেমি তুলল ২০৯ রান। জবাব দিতে নেমে ফ্রলিক একাডেমিও কম যায়নি, ১৯৯ রান তুলে হেরেছে ১০ রানে। গতকাল দিনের প্রথম ম্যাচে মোহামেডান ক্রিকেট একাডেমিকে চার উইকেটে হারিয়েছে ধানমন্ডির ইনডোর ক্রিকেট একাডেমি।
১৬টি দল খেলছে চার গ্রুপে ভাগ হয়ে। ব্রাদার্স ক্লাবের সহযাগিতায় এই বিশাল আয়োজনের উদ্যোক্তা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন স্ফুরণ। এই সংগঠনের মূল কারিগর ছিলেন প্রয়াত জাতীয় নেতা সাইফউদ্দিন আহমেদ মানিক। তাঁর নামেই ১ এপ্রিল ব্রাদার্স মাঠে শুরু হয়েছে দুই সপ্তাহের এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট। যেখানে অনূর্ধ্ব-১৬ খেলোয়াড় পাঁচজন। বাকিরা অনূর্ধ্ব-১৪। ফাইনাল ১৫ এপ্রিল।
প্রতিদিন দুটি করে ম্যাচ হচ্ছে। সকালে একটি, অন্যটি বিকেলে। যা বেশ আকর্ষণ তৈরি করেছে এলাকায়। মাঠের পাশে উৎসুক জনতা সার বেঁধে বসে বা দাঁড়িয়ে খেলা দেখে। একবার কেউ খেলা দেখতে শুরু করলে আর চোখ সরাতে পারে না। কারণ এক-দুই রান কম, চার-ছক্কাই বেশি হওয়ায় দর্শকেরা আনন্দ পান অনেক।
এত দর্শক দেখেই কিনা হবু ক্রিকেটাররাও ভালো খেলার উৎসাহ পায়, তারা দারুণ নৈপুণ্যে মেতে ওঠে। মাঠের বাইরে বসে যা উপভোগ করে অনেক নবীনের বাবা-মা। এই বাবা-মায়েদের চোখে স্বপ্ন-ছেলে মাশরাফি, সাকিব বা তামিম হবে। সবাই একদিন জাতীয় দলে খেলবে।
তবে এটি আসলে ক্রিকেট টুর্নামেন্টের চেয়েও বেশি কিছু। প্রতিদিনই কোনো বিশিষ্টজনকে উৎসর্গ করা হচ্ছে একেকটি ম্যাচ। গতকাল বিকেলের ম্যাচ যেমন উৎসর্গ করা হলো প্রয়াত সাংবাদিক এবিএম মূসাকে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণ করলেন এবিএম মূসার মেয়ে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সাধারণ সম্পাদিকা পারভীন সুলতানা ঝুমা। এর আগে ম্যাচ উৎসর্গ করা হয় চলচ্চিত্র পরিচালক প্রয়াত চাষী নজরুল ইসলামকে।
স্ফুরণের সভাপতি রুহুল লোহানি আকাশ ও সাধারণ সম্পাদক কাজী আহমেদ হোসেন জানালেন, আজকের প্রজন্মকে আরও ক্রীড়ামনস্ক ও সুস্থ জীবনের পথে পরিচালিত করতেই তাঁদের এই আয়োজন। শুধু খেলা নয়, সংগঠনটি শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ জনসচেতনতায় আরও কিছু কাজ করছে। সংগঠনের দুই কর্মকর্তা নাভানা গ্রুপের কর্ণধার শফিকুল ইসলাম কামালকে কৃতজ্ঞতা জানান। স্ফুরণের উপদেষ্টা ও ব্রাদার্সের সাবেক সাধারণ সম্পাদক মিজানউদ্দীন আহমেদের কণ্ঠে প্রত্যয়, ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে।