ব্রান্ড ও বিক্রয়-বিপণন বিষয়ে প্রশিক্ষণ দেবে মিডিয়া ফোরাম
গণমাধ্যম ও বিভিন্ন প্রতিষ্ঠানের ব্রান্ড এবং বিক্রয় ও বিপণন বিভাগে কর্মরতদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করছে বাংলাদেশ মিডিয়া ফোরাম। আগ্রহীদের প্রশিক্ষণের জন্য কোনো ফি দিতে হবে না। ১২ নভেম্বর শনিবার সকাল ৯টা থেকে ৬টা পর্যন্ত কাজী নজরুল অ্যাভিনিউয়ে ডেইলি স্টার কার্যালয়ে প্রশিক্ষণ কর্মসূচিটি পরিচালিত হবে।
আজ বৃহস্পতিবার সকালে তেজগাঁওয়ে চ্যানেল আই কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের সংগঠনটির পক্ষ থেকে এ কথা জানানো হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশে মিডিয়ার বাজার কয়েক হাজার কোটি টাকার। এ খাতে লক্ষাধিক লোক কর্মরত আছেন। কয়েক হাজার লোক আছেন যারা মিডিয়ার ব্রান্ড ও বিক্রয়-বিপণন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। মিডিয়া ফোরামের পক্ষ থেকে এদের আরও দক্ষ করতে ও ফোরামের কাজের অভিজ্ঞতা তাদের সামনে তুলে ধরতে এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
আগ্রহী প্রশিক্ষণার্থীরা এই প্রশিক্ষণের মাধ্যমে ‘মিডিয়া বেসিক’, ‘মিডিয়া ল্যান্ডসস্কেপ’, ‘ব্রান্ড মার্কেটিং থ্রো মিডিয়া, টিভি মিডিয়া প্লানিং অ্যান্ড বায়িং, ও ‘মিডিয়া মার্কেটিং’ বিষয়ে জানতে পারবেন।
প্রশিক্ষণে আগ্রহীদের অনলাইনে www.bdmediaforum.com/register এই ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে হবে। সেখানে থেকে বাছাই করে প্রশিক্ষণের জন্য আমন্ত্রণ জানানো হবে।
সংবাদ সম্মেলনে গাজী স্যাটেলাইট টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক আমান আশরাফ ফায়েজ, গ্রুপএম’র নির্বাহী পরিচালক মোর্শেদ আলম, গ্রামীণফোনের হেড অফ মিডিয়া শিকদার আখতার উজ জামান, প্রাণ-আরএফএল গ্রুপের হেড অফ মিডিয়া সুজন মাহমুদ, ইউনিলিভার বাংলাদেশের মিডিয়া অ্যান্ড ইভেন্ট ম্যানেজার তানভীর ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।