ব্রাহ্মণপাড়ায় শওকত মাহমুদকে শোভাযাত্রা করতে দেয়নি পুলিশ?
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদকে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান করতে দেয়নি পুলিশ। ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুরে তিনি গতকাল রোববার শোভাযাত্রা করতে গেলে পুলিশ বাধা দেয় বলে অভিযোগ পাওয়া গেছে। পরে তিনি বিকেলে বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় পথসভা করেন।
শওকত মাহমুদ অভিযোগ করেন, ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুরে বিএনপির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল সকাল ১০টায় এক শোভাযাত্রার আয়োজন করা হয়। ওই সময় সাধারণ পুলিশের সঙ্গে অতিরিক্ত দাঙ্গা পুলিশ দিয়ে শোভাযাত্রায় আসার পথে দলীয় নেতা-কর্মীদের হয়রানি করা হয়। পুলিশের বাড়াবাড়ির কারণে ওই শোভাযাত্রা হয়নি। তিনি আরও বলেন, বর্তমান সরকার এখন দিশেহারা হয়ে পড়েছে। গণতন্ত্রের ওপর, নাগরিক অধিকারের ওপর আওয়ামী লীগ নগ্ন হস্তক্ষেপ করছে। এসব নগ্নতা করে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারেনি।
ব্রাহ্মণপাড়া থানার ওসি উত্তম কুমার বড়ুয়া বলেন, বিএনপির কোনো অনুষ্ঠানে পুলিশ বাধা দেয়নি। এলাকার আইনশৃঙ্খলা ঠিক রাখার জন্য পুলিশ ছিল। কেন অনুষ্ঠান করতে পারেনি এটা তাঁদের নিজস্ব ব্যাপার। শোভাযাত্রা করতে না পেরে বিকেলে শওকত মাহমুদ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার কালাকচুয়ায় একটি সিএনজি ফিলিং স্টেশনের সামনে সমাবেশ করেন।