কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মমিনুল ইসলামকে গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল বুধবার উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা ব্রাহ্মণপাড়া উপজেলা প্রকৌশলীর দপ্তরে ও উপজেলা পরিষদ ভবনে ঢোকার ফটকে তালা দিয়েছেন। এর আগে তাঁরা ভবনের দরজা-জানালা ভাঙচুর করেন। ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পুলিশের গাড়ি থেকে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে মো. মমিনুল ইসলামকে গত মঙ্গলবার দুপুরে গ্রেপ্তার করে পুলিশ। ওই ঘটনার প্রতিবাদে গতকাল সকাল ১০টায় শহরের শহীদ মিনার চত্বরে প্রতিবাদ সমাবেশ করে উপজেলা ছাত্রলীগ। সমাবেশ শেষে পার্শ্ববর্তী উপজেলা পরিষদ ভবনে গিয়ে সেখানকার দরজা-জানালা ভাঙচুর করেন এবং উপজেলা প্রকৌশলীর দপ্তরে তালা দেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। ওই সময় উপজেলা প্রকৌশলীসহ কয়েকজন সেখানে অবস্থান করছিলেন। পরে ছাত্রলীগের নেতা-কর্মীরা উপজেলা পরিষদ ভবনের পূর্ব পাশের ফটকে তালা দেন এবং একটি মোটরসাইকেলও ভাঙচুর করেন। খবর পেয়ে র্যাব ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তালা খুলে দেয়।এ ব্যাপারে উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিব খান চৌধুরী বলেন, ‘মমিনুলকে গ্রেপ্তারের প্রতিবাদে আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ করেছি। কে বা কারা তালা দিয়েছে তা জানা নেই। এর সঙ্গে আমরা জড়িত না। তবে প্রতিবাদ চলার সময় উপজেলা পরিষদ চত্বরে আমরা উপস্থিত ছিলাম।’ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খান চৌধুরী বলেন, ‘শুনেছি ঠিকাদারি নিয়ে ছাত্রলীগের ছেলেদের সঙ্গে ঝামেলা হয়েছে।’ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এস এম শাহ হাবিবুর রহমান হাকিম বলেন, ‘ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের জের ধরে দলীয় নেতা-কর্মীরা উপজেলা পরিষদ ভবনে ভাঙচুর চালায়। তারা একটি মোটরসাইকেলও ভাঙচুর করে এবং তালা দেয়। এ ঘটনায় মামলা করা হয়েছে।’ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে নজিবুল ইসলাম বলেন, ‘ছাত্রলীগের নেতা-কর্মীদের নেতৃত্বে উপজেলা প্রকৌশলী এবং উপজেলা পরিষদ ভবনের পূর্ব পাশের ফটকে তালা দেওয়া হয়। এ সময় ১০-১২ জন ভাঙচুর চালায়। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হবে।’ ওসি নজিবুল জানান, গ্রেপ্তার হওয়া ছাত্রলীগের নেতার বিরুদ্ধে পল্লী বিদ্যুতের এক কর্মকর্তা ও ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাকে মারধর করাসহ একাধিক অভিযোগ রয়েছে।এ ব্যাপারে কুমিল্লা-৫ (বুড়িচং ও ব্রাহ্মণপাড়া) আসনের আওয়ামী লীগ দলীয় সাংসদ আবদুল মতিন খসরু বলেন, ‘আমি খুবই বিব্রত। সন্ত্রাসীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না। যতটুকু জেনেছি উপজেলা পরিষদ ভবন ভাঙচুরের ঘটনায় ইউএনও মামলা করেছেন।’মমিনুল ইসলামের বিরুদ্ধে অভিযোগব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মমিনুল ইসলামের বাড়ি ব্রাহ্মণপাড়া উপজেলার নাইঘর গ্রামে। চারদলীয় জোট সরকার আমলে সাধারণ সম্পাদকের দায়িত্ব পান তিনি। অভিযোগ রয়েছে, এর পর থেকেই ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্ত এলাকায় মাদক ব্যবসা এবং চোরাচালানের সঙ্গে জড়িয়ে পড়েন মমিনুল। সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা, সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের মারধর করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাছে চাঁদা দাবি করেছেন বলেও অভিযোগ পাওয়া গেছে। গত ১৬ এপ্রিল দুপুরে আটক করা ব্রাহ্মণপাড়া উপজেলার স্থানীয় এক মাদক ব্যবসায়ীকে পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন মমিনুল। ওই ঘটনায় পুলিশ মামলা করে। ওই মামলায় মঙ্গলবার তাঁকে গ্রেপ্তার করে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।