ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে আসছে প্রচুর মাদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার তেতাভূমি, আশাবাড়ী, নারায়ণপুর ও রামচন্দ্রপুর সীমান্ত দিয়ে প্রায় প্রতিদিনই ভারত থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য আসছে। মাদক পাচারকারী চক্রের সঙ্গে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর একদল সদস্যের যোগসাজশ রয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নয় মাসে উপজেলার বিভিন্ন এলাকা থেকে অন্তত সাড়ে তিন কোটি টাকার মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এসব ঘটনায় অন্তত ২২৫টি মামলা হয়েছে। এ মামলাগুলোতে গ্রেপ্তার করা হয়েছে ৮৮ জনকে। সালদা নদী-তীরবর্তী বিডিআরের সীমান্ত ফাঁড়ি সূত্রে জানা যায়, গত জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই ফাঁড়ির জওয়ানেরা অভিযান চালিয়ে ৫০০ কেজি গুঁড়া গাঁজা, ৭৫ কেজি জট গাঁজা, ৮৮ বোতল ফেনসিডিল, ২২১ বোতল হুইস্কি, ২০ বোতল রিকোডেক্স, ২০০ কেজি এমওপি সার, একটি প্রাইভেটকার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। জব্দ করা এসব দ্রব্য ও যানবাহনের আনুমানিক মূল্য এক কোটি ৬৫ লাখ ১৪ হাজার ২০২ টাকা। ওই সময়ে তারা ৫৭টি মামলা করেছে। এর মধ্যে শুধু একটি মামলায় একজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।ওই নয় মাসে বিডিআরের শশীদল সীমান্ত ফাঁড়ি ৬৭৩ কেজি গুঁড়া গাঁজা, ৫০ কেজি জট গাঁজা, দুই হাজার ১৬২ বোতল হুইস্কি, এক হাজার ৩৮ বোতল ফেনসিডিল ও ১৪৯ বোতল রিকোডেক্স জব্দ করেছে। শশীদল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল হালিম বলেন, বিডিআরের গাফিলতির কারণে মাদক নির্মূল অভিযান জোরদার হচ্ছে না।এ ছাড়া র্যা ব-১১-এর সদস্যরা বিভিন্ন সময় অভিযান চালিয়ে মাটির নিচে প্যাকেটে মোড়ানো বিপুল পরিমাণ গাঁজা জব্দ করেছেন। একাধিক সূত্রে জানা গেছে, সীমান্তের ওপারে ত্রিপুরা রাজ্যের কলমচৌড়া থানার মানিক্যনগর, কমলনগর, বাগবের, কলমচৌড়া, পুটিয়ায় বড় বড় বাগানে গাঁজার চাষ হয়। এর মধ্যে মানিক্যনগর ও কমলনগর এলাকার কয়েক শ একর জায়গায় এক দশকেরও বেশি সময় ধরে গাঁজার চাষ হচ্ছে। এ ছাড়া ফেনসিডিল, রিকোডেক্স, হুইস্কিসহ বিভিন্ন ব্র্যান্ডের মদ ভারতে উৎপাদিত হচ্ছে।এলাকাবাসী জানায়, সীমান্তের দুই পাড়েই মাদক পাচারকারী চক্র সক্রিয়। ভারতের ব্যবসায়ীরা মাদকদ্রব্যের ছোট ছোট প্যাকেট কাঁটাতারের ওপর দিয়ে এপারে পাচার করে। জানা যায়, মাদক ব্যবসায়ীরা সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য কিনে ট্রাক, কাভার্ড ভ্যান, প্রাইভেট কার কিংবা মাইক্রোবাসে করে দেশের বিভিন্ন স্থানে চালান করে। এ ছাড়া দেশের বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীরা ওই সীমান্ত এলাকার ব্যবসায়ীদের কাছ থেকে সরাসরি মাদকদ্রব্য কেনেন। ৩৩ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফখরুদ্দীন আহমেদ প্রথম আলোকে জানান, সীমান্তের ওপারে গাঁজাবাগানের ছবি ও বিভিন্ন তথ্য নিয়ে ইতিমধ্যে বিডিআর ও বিএসএফের ব্যাটালিয়ন পর্যায়ে আলোচনা হয়েছে। এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিষয়টি ভারতের কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তিনি বলেন, অনৈতিক কাজের সুর্নিদিষ্ট অভিযোগ পেলে বিডিআর সদস্য/সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন চৌধুরী বলেন, উপজেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে পুলিশ দীর্ঘদিন ধরে অভিযান চালিয়ে আসছে। এ অভিযান অব্যাহত থাকবে।