ব্রাহ্মণপাড়ার শশীদল রেল ও সড়কপথে অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল আলহাজ মুহাম্মদ আবু তাহের কলেজকে এমপিওভুক্ত করার দাবিতে গতকাল শুক্রবার শশীদল রেল ও সড়কপথ দুই ঘণ্টা অবরোধ করা হয়। কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় লোকজন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানববন্ধন, বিক্ষোভ প্রদর্শন ও অবরোধ কর্মসূচি পালন করেন। এতে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর প্রভাতীসহ বেশ কয়েকটি ট্রেন আটকা পড়ে। এ ছাড়া কুমিল্লা-কসবা সড়কে শতাধিক যানবাহন আটকে পড়ায় দীর্ঘ জটের সৃষ্টি হয়।কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি মুহাম্মদ আবু তাহের ও কলেজের অধ্যক্ষ সৈয়দ আবদুল কাইয়ূম প্রথম আলোকে বলেন, ‘কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে সাতবার এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে পাঁচবারই পাসের হারের দিক দিয়ে শীর্ষ দশে জায়গা করে নিয়েছে কলেজটি। তার পরও কলেজটিকে এমপিওভুক্ত করা হয়নি। এমপিওভুক্তির নীতিমালা বাস্তবায়ন এবং ন্যায়বিচারের দাবিতে এই কর্মসূচি পালন করা হয়।’ ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজিবুল ইসলাম বলেন, ‘আলোচনার ভিত্তিতে কলেজ কর্তৃপক্ষ দুই ঘণ্টা পর অবরোধ তুলে নেয়।’