ব্রাহ্মণপাড়ায় আত্মহত্যার প্রবণতা বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হতাশা, বিষোদ্গার, যৌতুক, প্রেমে ব্যর্থতা, পারিবারিক নির্যাতন, সামাজিক অবক্ষয়, সামাজিক অস্থিরতা ও জিঘাংসার কারণে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় গত আট মাসে ২১ জন আত্মহত্যা করেছে।সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, মানসিক রোগ থেকেই এ ধরনের ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই প্রবণতা ঠেকাতে হলে পরিবারকে সবার আগে ভূমিকা নিতে হবে।এ ব্যাপারে সমাজবিজ্ঞানী ও কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল আলহাজ মুহাম্মদ আবু তাহের কলেজের অধ্যক্ষ সৈয়দ আবদুল কাইয়ুম বলেন, পরিবারের সদস্যরা একে অন্যের ন্যূনতম চাহিদা পূরণ করতে পারছে না। একই সঙ্গে কাঙ্ক্ষিত জিনিস না পাওয়ার যাতনা থেকে মুক্তি পাওয়ার জন্য এসব তরুণ-তরুণী নিজেদের শেষ করে দিচ্ছে।একুশে পদকপ্রাপ্ত কুমিল্লার বিশিষ্ট নারীনেত্রী ও নারীদের আইনি সহায়তাকেন্দ্র নারী দীপিতার সভাপতি যোবায়দা হান্নান বলেন, পারিবারিক নির্যাতনের কারণে দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ থেকে হয়তো ওরা আত্মহত্যা করেছে। কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, আত্মহত্যা এক ধরনের রোগ। আবেগের বশবর্তী হয়ে ১৫ থেকে ৩০ বছর বয়সীরা এই কাজ করে থাকে। পরিবারের সদস্যদের আন্তরিকতা ও মানসিক ভাগাভাগি এ প্রবণতা রোধ করতে পারবে।কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার তদন্ত পরিদর্শক কাজী রকিব উদ্দিন তাঁর ১৭ বছরের কর্মজীবনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন, ‘আত্মহত্যার ঘটনায় অপমৃত্যুর মামলা নেওয়া হয়। এরপর পুলিশ ১৭৫ বিধিতে সমন জারি করতে পারে। এ ক্ষেত্রে কাউকে সন্দেহ হলে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় এবং ৫৪ ধারায় জেলে পাঠায়। তা ছাড়া পোস্টমর্টেম রিপোর্টের পর খারাপ কিছু এলে হত্যা মামলায় অন্তর্ভুক্ত করে। গত ১৭ বছরে আমি রমনা থানায় একটি মামলায় কেবল হত্যার ঘটনা পেয়েছি। অন্যগুলোর কোনো হদিস মেলেনি।’