ব্রাহ্মণপাড়ায় ওসিকে থানা ত্যাগের নির্দেশ আ.লীগ নেতাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) উপজেলা আওয়ামী লীগের নেতারা থানা ত্যাগের নির্দেশ দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টার মামলায় ছাত্রলীগের তিন নেতার বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়ায় ওসিকে ব্রাহ্মণপাড়া ত্যাগের নির্দেশ দেওয়া হয়। পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছরের ২০ এপ্রিল পুলিশের গাড়ি থেকে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মমিনুল ইসলামকে গ্রেপ্তার করে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ। এর প্রতিবাদে ২১ এপ্রিল উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীদের নেতৃত্বে সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। এরপর উপজেলা পরিষদ ভবনের পূর্ব পাশের ফটকে তালা লাগিয়ে দেওয়া হয়। এসব ঘটনায় পুলিশ বাদী হয়ে ছাত্রলীগের তিন নেতার বিরুদ্ধে মামলা করে। ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা সামছুল হক ছাত্রলীগের ওই তিন নেতার বিরুদ্ধে গত ৩০ জুন অভিযোগপত্র দেয়। অভিযোগপত্র দেওয়ার পর ছাত্রলীগের নেতা-কর্মীরা আরও ক্ষেপে গিয়ে ব্রাহ্মণপাড়া থেকে ওসির অপসারণ দাবি করেন। অভিযোগপত্রভুক্ত আসামিরা হলেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মমিনুল ইসলাম, যুগ্ম সম্পাদক দীপু চৌধুরী ও কর্মী রুবেল।জানা যায়, গত শুক্রবার রাতে কুমিল্লা-৫ (বুড়িচং ও ব্রাহ্মণপাড়া) আসনের সাংসদ আবদুল মতিন খসরুর নিজ গ্রাম মীরপুরে যুবলীগের এক অনুষ্ঠান শেষে সংগঠনের নেতা-কর্মীরা সাংসদের কাছে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে নজিবুল ইসলামকে সরিয়ে দেওয়ার দাবি তোলেন। এর আগে বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা সদরে যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে যুবলীগের বের করা মিছিলে অংশ নিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা ওসির বিরুদ্ধে স্লোগান দেন। ওসি এ কে নজিবুল ইসলাম অভিযোগ করেন, মামলা দায়েরের পর তদন্ত কর্মকর্তা অভিযোগপত্র দিলে ছাত্রলীগের নেতা-কর্মীরা ক্ষুব্ধ হন এবং আমার বিরুদ্ধে উঠেপড়ে লাগেন। তাঁদের বিরুদ্ধে কেন অভিযোগপত্র দেওয়া হলো মূলত সে কারণে আমাকে স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ব্রাহ্মণপাড়া ত্যাগ করতে বলেন। শুক্রবার রাতে সাংসদের সামনে ওই নির্দেশ দেওয়া হয়। সাংসদও আমাকে চলে যেতে বলেন। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি।ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর খান চৌধুরী বলেন, ‘ওসির সার্বিক নৈপুণ্য (পারফরম্যান্স) খারাপ বলেই আমরা তাঁকে ব্রাহ্মণপাড়া থানায় দেখতে চাই না। তাই তাঁর এখান থেকে চলে যাওয়া উচিত।’সাংসদ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির আইনবিষয়ক সম্পাদক আবদুল মতিন খসরু গতকাল শনিবার দুপুরে প্রথম আলোকে বলেন, ‘একজন সাংসদ তো অসাংবিধানিক কথা বলতে পারেন না। তবে আমার গ্রামে এক অনুষ্ঠানে দলের নেতা-কর্মীরা ওসির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন।’