
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় নিখোঁজের এক দিন পর পুতুল বালা দাস (৩৫) নামের এক গৃহবধূর লাশ ধানখেত থেকে গত বুধবার রাতে উদ্ধার করেছে পুলিশ। টাঙ্গাইলের সখীপুরে প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে উদ্ধার হওয়া লাশের পরিচয় পাওয়া গেছে।
ব্রাহ্মণপাড়ায় নিহত পুতুল বালা উপজেলার সদর ইউনিয়নের নন্দীপাড়া গ্রামের বাহরাইনপ্রবাসী সজল দাসের স্ত্রী। লাশটি গতকাল বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, ১৬ মাস আগে পুতুলের স্বামী বাহরাইন গেছেন। গত মঙ্গলবার সন্ধ্যা সাতটা থেকে পুতুলকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর বুধবার সন্ধ্যায় তাঁদের বাড়ির পাশের ধানের জমিতে ভাসমান লাশ পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেন। খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানার পুলিশ সন্ধ্যা সাতটার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় পুতুলের বড় ভাই ক্ষিতীশ চন্দ্র দাস বুধবার রাতে থানায় হত্যা মামলা করেছেন।
ব্রাহ্মণপাড়া থানার ওসি সৈয়দ আবু মো. শাহজাহান কবির বলেন, প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে পুতুলের শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ঘাড়ে আঁচড়ের দাগ পাওয়া গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, টাঙ্গাইলের সখীপুরে প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে উদ্ধার হওয়া লাশটি জামালপুরের সৈয়দ আলীর ছেলে মেজু আহমেদের (৩৫)। বুধবার রাতে তাঁর স্ত্রী হেনা আক্তার (২৭) সখীপুর থানায় এসে পায়ের জুতা ও জামাকাপড় দেখে লাশটি শনাক্ত করেন। নিহত মেজু আহমেদ পরিবার নিয়ে ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকায় পোলট্রি মুরগির ব্যবসা করতেন। তিনি সখীপুর থেকে ব্রয়লার মুরগি নিয়ে ঢাকার বিভিন্ন হোটেলে সরবরাহ করতেন।
পারিবারিক সূত্রে জানা যায়, ২০ আগস্ট দুপুরে মেজু ২ লাখ ৮০ হাজার টাকা নিয়ে আশুলিয়ার ভাড়া বাসা থেকে বের হন। রাতে বাসায় না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খুঁজতে থাকেন। পরে ওই রাতেই তাঁর স্ত্রী হেনা আক্তার আশুলিয়া থানায় নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এর তিন দিন পর বুধবার সখীপুর উপজেলার কালিয়া ঘোনারচালা এলাকার ঢাকা-সাগরদিঘী সড়কের পাশে একটি প্লাস্টিকের ড্রামের ভেতর তাঁর লাশ পাওয়া যায়।
গতকাল বিকেলে মেজু আহমেদের শ্যালক সাগর আহমেদ বলেন, ‘আশুলিয়া থানায় হত্যা মামলা করতে গেলে পুলিশ আমাদের মামলা নেয়নি। তারা সখীপুর থানায় মামলা করার পরামর্শ দিয়েছে।’